সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটা ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে আজ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হবে। পুলিস হেফাজতে রয়েছে সে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত। গত রবিবার ধৃতকে আদালতে হাজির করা হয়েছিল। পুলিস নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। সেই হেফাজত শেষ হচ্ছে আজ। এদিকে আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। করা হয়েছে মেডিক্যাল পরীক্ষাও। তবে ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর মেয়েটির শারীরিক পরীক্ষা করে তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা। নাবালিকার বাবা বলেন, আমরা হাসপাতালে দ্রুত শারীরিক পরীক্ষার জন্য বলেছিলাম। কিন্তু চিকিৎসক নেই বলে জানানো হয়েছিল। উল্লেখ্য, ১ নভেম্বর বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। এর পরই বিষয়টি প্রকাশ্যে আসে। নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস সুজিত পাল ওরফে বাবুসোনাকে গ্রেপ্তার করে।
Advertisement
ইতিমধ্যে নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। বুধবার নির্যাতিতার বাড়িতে আসেন সেভ ডেমোক্রেসির সদস্যরা। এদিন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভাপতি ফাল্গুনী পাত্র সহ এক প্রতিনিধি দল আসে নির্যাতিতার বাড়িতে। কথা বলেন পরিবারের সঙ্গে।



