সংবাদদাতা, কাকদ্বীপ: পৈতৃক সম্পত্তি হিসেবে জমি পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে সেখানে বাড়ি তৈরি করতে পারেননি সাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েতের রাসপুরের বাসিন্দা বিমান গিরি। একটি ছোট্ট হোগলার ঘরে থাকেন। এমনকী তাঁর বাড়িতে বৈদ্যুতিক সংযোগ ও শৌচাগারও নেই। বিশেষ চাহিদা সম্পন্ন হলেও তিনি আজও পর্যন্ত বিভিন্ন কারণে ভাতা পান না। অন্যের পানের বরজে কাজ করে কোনরকম দু’বেলা দু’মুঠো খাবার সংগ্রহ করেন। সম্প্রতি ঘূর্ণিঝড় ডানার কারণে তাঁর ছোট্ট হোগলার ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়। এই খবর জানার পরই রবিবার সকালে বিমানবাবুর বাড়িতে গিয়ে হাজির হন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন তিনি বিমানবাবুর সঙ্গে কথা বলেন। তাঁর সমস্যার কথাগুলি শোনার পরই বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও পঞ্চায়েতের পক্ষ থেকে একটি শৌচাগার নির্মাণ করে দেওয়ার জন্যও তিনি উপপ্রধানকে নির্দেশ দেন। বিমানবাবু যাতে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য প্রদেয় ভাতা পান, সেই ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও এদিন মন্ত্রী দিয়েছেন। এরপরই মন্ত্রী সোজা গিয়ে উপস্থিত হন ধবলাটের তপবন এলাকায়।
Advertisement
এই এলাকার নদী বাঁধে ভাঙন চলছে। গতবারের কয়েকটি বিপর্যয়ে এই এলাকার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্রুত সেই সময় নদী বাঁধ মেরামত করাও হয়েছিল। জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ডানার কারণে আবারও এই নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেই বাঁধ এদিন মন্ত্রী পরিদর্শন করেন। স্থায়ীভাবে বাঁধ মেরামতের জন্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন।



