Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ ইকুয়েডরের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে জার্মানি

জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে নক-আউট নিশ্চিত করতে চায়। কোচ নাগলসম্যান দলে পরিবর্তন আনছেন। বিস্তারিত পড়ুন।

আজ ইকুয়েডরের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে জার্মানি
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ জার্সি: গ্রুপ পর্বে টানা দু’ম্যাচ জিতে ১২ বছর পর বিশ্বকাপের নক-আউটের টিকিট পাকা করেছে জার্মানি। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারালেও, দ্বিতীয় ম্যাচে বেশ ঘাম ঝরাতে হয়েছে জুলিয়ান নাগলসম্যানের দলকে। শুরুতে পিছিয়ে পড়ার পর আনডাভের জোড়া গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। দু’ম্যাচে যাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ফলে এই ম্যাচে পয়েন্ট খোয়ালেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পৌঁছবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই নক-আউটের লড়াইয়ে নামার আগে রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নিতে চাইছেন কোচ নাগলসম্যান। সেই লক্ষ্যে ইকুয়েডরের বিরুদ্ধে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন তিনি।

Advertisement

গ্রুপ পর্বে টানা দু’ম্যাচ জিতলেও দুর্গ অক্ষত রাখতে ব্যর্থ জার্মানরা। অনামী কুরাসাও ও আইভেরি কোস্ট— দু’দলই বিক্ষিপ্ত কিছু স্পেলে কিমিচদের উপর চাপ গড়ে তোলে। তার উপর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নিকো শ্লটারবেক। টুর্নামেন্টের বাকি পর্যায়ে এই ডিফেন্ডারের অভাব ঢাকাই চ্যালেঞ্জ কোচ নাগলস্যানের। ইকুয়েডরের বিরুদ্ধে দলে আসতে পারেন অভিজ্ঞ আন্তোনিও রুডিগার। এছাড়া ডেভিড রাম, ওয়ালডেমারদের তৈরি রাখা হচ্ছে। একই সঙ্গে জার্মান কোচকে স্বস্তিতে রাখছে আপফ্রন্টের দুরন্ত ফর্ম। সানে-হাভার্ট-রির্টজদের ঘিরে স্বপ্ন দেখছেন অনুরাগীরা। পরিবর্ত হিসেবে মাঠে নেমে জাল কাঁপিয়েছেন আনডাভ। এছাড়া নজর কেড়েছেন নাদিয়েম আমিরি। তাই ইকুয়েডরের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী নাগলসম্যানের ছেলেরা। পক্ষান্তরে, নক-আউটের টিকিট নিশ্চিত করতে জার্মানিকে হারাতেই হবে ইকুয়েডরকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ