নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কালীঠাকুর বিসর্জনের শোভাযাত্রায় দেশি বোমা ফাটানোর জেরে গড়িয়ার নবগ্রামে এক বাসিন্দার বাড়ির কাচ ভেঙে যায়। তীব্র আতঙ্ক তৈরি হয় পাড়ায়। এই ঘটনার ২৪ ঘণ্টা পরও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ঝিল পাড় রোড এলাকায় রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন অফিসাররা। কিন্তু তাতে কিছু ধরা পড়েনি। ওইদিন একাধিক ক্লাবের বিসর্জন ছিল বলে জানা গিয়েছে। ফলে কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। তাই ওই এলাকায় যেসব ক্লাব প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের করেছিল, তাদের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিস।
Advertisement
এদিকে, একদিন পরও কেন কেউ ধরা পড়ল না, সেটা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে।



