নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়ার গণধর্ষণ কাণ্ডে আরও দু’জনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিস। তাদের নাম মৃন্ময় সর্দার ওরফে লালন ও শুভজিৎ দাস। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল চার। জানা গিয়েছে, এই দুজন ধর্ষণের ষড়যন্ত্রে জড়িত। ঘটনার দিন সেখানে ছিল তারা। আগে যে দুজন গ্রেপ্তার হয়েছিল তাদের জেরা করে তদন্তকারীরা মৃন্ময় ও শুভজিতের নাম জানতে পারে। সেই মতো তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে গড়িয়ার ঢালুয়া থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বুধবার দু’জনকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ধর্ষণ কাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল দু’জনের সেটাই জেরা করে জানবেন তদন্তকারীরা। আরও কেউ এই ঘটনায় যুক্ত আছে কি না সেটাও খতিয়ে দেখছেন তাঁরা।



