গৌরী এল ঘরে
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ছোটো থেকেই শাড়ি পরতে ভালোবাসেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে নানা প্রদেশের শাড়ি পরেন। দুর্গাপুজোও শাড়ি ছাড়া ভাবতেই পারেন না। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে তাই বেছে নিয়েছিলেন পুজো স্পেশাল শাড়ি। সপ্তমীর দিন পরার জন্য গর্জিয়াস ফ্যাব্রিক তাঁর পছন্দ। পাশাপাশি বাংলার শিল্পীদের হাতের কাজের কদর করতে জানেন ঋতুপর্ণা। কালো সিল্কের উপর পাড় ও আঁচলে ভরাট কাথিয়াওয়াড়ি কাজ। মিরর দিয়ে হাইলাইট করা হয়েছে। ঋতুপর্ণার পরামর্শ, এমন একটা শাড়ি পরে সারাদিন ঠাকুর দেখার প্ল্যান হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, কোনোটাতেই অসুবিধে হবে না। কখনো খোঁপা, কখনো বা খোলা চুলে স্টাইল বদলে নিলেই আপনি রেডি। অন্যদিকে অভিনেত্রী ইধিকা পালের কাছে এ বছরের পুজো খুবই স্পেশাল। কারণ মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘দেশু৭’। পুজোয় ঠাকুর দেখা হোক বা ছবির প্রচার, বেশিরভাগ জায়গায় শাড়ি পরে যাওয়ারই চেষ্টা করবেন নায়িকা। চতুষ্পর্ণীর শ্যুটে তাঁর পরনে একটি বেজ রঙের ডিজাইনার শাড়ি। মোডাল সিল্কের একটি জ্যাকেট দিয়ে আলাদা লুক তৈরি করা হয়েছে। নবমীর রাতের জন্য এই ধরনের লুক একেবারে পারফেক্ট। তারকাদের পরামর্শ, পোশাক যেন আরামদায়ক হয়, ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, সেদিকে নজর দেবেন। সকলের দুর্গোৎসব আনন্দের হয়ে উঠুক।                                           

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য