নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর : গ্যাস সংকট মোকাবিলায় নিজের মতো প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান— স্কুল, ক্যান্টিন, মন্দির কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের ভোগ রান্না হয় দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে। গ্যাসের বিকল্প হিসাবে ডিজেল চালিত উনুন তৈরি জন্য আলোচনা চালাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। তবে আগামী সোমবার থেকে নৈহাটির বড়মা’র মন্দিরে ভোগ বিতরণ বন্ধ হচ্ছে। সোম, বুধ, শুক্র কয়েকশো মানুষ ভোগ পান তা বন্ধ হয়ে যাচ্ছে। কাল থেকে শুধু বড়মাকে ভোগ দেওয়া হবে। বন্ধ হতে চলেছে বারাকপুরের পুরসভা চালিত মা ক্যান্টিন। গ্যাস বুকিংকে কেন্দ্র করে বারাকপুরে গ্যাস এজেন্সির অফিসে বিশৃঙ্খলা তৈরি হয় বৃহস্পতিবার। পুলিশ পরিস্থিতির সামাল দেয়। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছে বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।



