চণ্ডীগড়: পাঞ্জাবের ব্যস্ত রাস্তায় গুলি চালিয়ে খুন গ্যাংস্টারের মা ও আর এক সহযোগী। মৃতদের নাম হরজিৎ কউর (৫২) এবং করণবীর সিং। বৃহস্পতিবার বাতালায় রাত সাড়ে ন’টা নাগাদ এই শ্যুটআউটের ঘটনাটি ঘটে। শুক্রবার পুলিস জানিয়েছে, হামলার পরেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পালিয়ে যায়। জেলবন্দি গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়ার মা হরজিৎ এবং ভগবানপুরিয়ার সহযোগী গ্যাংস্টার করণবীর গাড়িতে তরণতারণ থেকে বাতালায় ফিরছিলেন। তখনই বাইকে চড়ে এসে দুই দুষ্কৃতী তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের ঘটনা সহ মাদক পাচার ও বেশ কয়েকটি মামলায় জেলে রয়েছেন গ্যাংস্টার ভগবানপুরিয়া।



