নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: বহু বছর ধরে গঙ্গাসাগর মেলায় হোগলা পাতার ছাউনি বা ঘর তৈরির রীতি চলে আসছে। মেদিনীপুর থেকে নৌকায় করে পাতা নদীপথে নিয়ে আসা হত সাগরে। তবে এবারের মেলায় হোগলা পাতার ব্যবহার কমানোর উপর জোর দিচ্ছে প্রশাসন। তাহলে বিকল্প কী? এ নিয়ে চিন্তায় পড়েছেন আধিকারিকরা। একই সঙ্গে গঙ্গাসাগর মেলার সময় মূল ভূখণ্ড থেকে লঞ্চে সাগরদ্বীপে পৌঁছানোর অতিরিক্ত জলপথ চালু করারও উদ্যোগ রাজ্য নিচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। লট-৮ থেকে কচুবেড়িয়ার মতো যে জলপথে প্রতিবছর পারাপারের ব্যবস্থা করা হয়, সেগুলি ছাড়া আরো একটি রুট বাড়ানো নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুণ্যার্থীদের যাতে পারাপারের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে না হয়, সেই লক্ষেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহলের বক্তব্য। আর সেই কারণেই মেলার সময় লঞ্চ চলাচলাচল সচল রাখতে ১ নভেম্বর মুড়িগঙ্গায় ড্রেজিং শুরু হচ্ছে। আর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী-আমলাদের সঙ্গে আজ কাকদ্বীপে পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানেই প্রতিটি বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থার প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।
আলোচনা ফলপ্রসূ হলে মেলা প্রাঙ্গণে হয়তো আর হোগলা পাতার ঘর দেখা যাবে না। পুজোর আগে দক্ষিণ ২৪ পরগনায় জেলাশাসকের দপ্তরে গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি বৈঠক হয়েছিল। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। জেলাশাসক থেকে শুরু করে সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা ও সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডলের উপস্থিতিতে হোগলাপাতা নিয়ে দমকল ও অন্যান্য দপ্তরের আধিকারিকদের বিস্তারিত কথা হয়। মূলত মেলার সময় পুলিশ ও সাংবাদিকদের থাকার জায়গা থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য যে স্টল তৈরি করা হয়, তার ছাউনি হিসাবে হোগলাপাতা ব্যবহার করা হয়। আগে এই পাতা বিশেষ রাসায়নিকে ডোবানোর পর শুকনো করে তা দিয়ে ছাউনি করা হত। গত বছর এই হোগলাপাতার ঘরে অগ্নিকাণ্ডের ফলে একটি অংশ পুড়ে যায়। সেই ঘটনার প্রেক্ষিতেই আগামী বছর মেলায় হোগলার ঘর নিয়ে আপত্তি জানিয়েছে প্রশাসন। তাই কাপড়ের মজবুত তাঁবু অথবা হ্যাঙ্গার জাতীয় কাঠামো তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, মূলত অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতেই হোগলার বিকল্পের কথা ভাবা হয়েছে। তাছাড়া সৌন্দর্যায়নেরও একটা ব্যাপার আছে। দমকল ও অন্যান্য দপ্তর থেকে কী প্রস্তাব দেয়, তার ভিত্তিতে পরিকল্পনা করা হবে।
এদিকে, রাজ্যে বিজেপি সরকারের আমলে এটাই হতে চলেছে প্রথম গঙ্গাসাগর মেলা। মনে করা হচ্ছে, মেলার সময় একাধিক ভিভিআইপি পা রাখবেন কপিলমুনির পুণ্যভূমিতে। সে কারণে হেলিপ্যাডের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে সাগরদ্বীপে তিনটি হেলিপ্যাড রয়েছে। সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে।



