Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর মেলা: মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু দুপুর ১টা ১৯ মিনিটে

আসন্ন গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় পড়েছে ১৪ জানুয়ারি দুপুর ১টা ১৯ মিনিট থেকে ১৫ জানুয়ারি বেলা ১টা ১৯ মিনিট পর্যন্ত। জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

গঙ্গাসাগর মেলা: মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু দুপুর ১টা ১৯ মিনিটে
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় পড়েছে ১৪ জানুয়ারি দুপুর ১টা ১৯ মিনিট থেকে ১৫ জানুয়ারি বেলা ১টা ১৯ মিনিট পর্যন্ত। জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। কপিলমুনি আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর এই সময়সূচি পাওয়া গিয়েছে। অর্থাৎ, ভোরবেলা কনকনে ঠান্ডায় আর জলে ডুব দিতে হবে না তীর্থযাত্রীদের। যদিও অনেকেই সময়ের আগে এসে স্নান করে চলে যান। ২০২৫ সালে সকাল ৬টা ৫৮ মিনিট থেকে পরদিন এই সময় পর্যন্ত ছিল পুণ্যস্নান।

Advertisement

এদিকে, এবার পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ লিফলেট বিলি করবে জেলা প্রশাসন। তাতে ভেসেল চলাচলের সূচি, জোয়ার ভাটার সময়, পুণ্যস্নান শুরু ও শেষ কখন এবং আগামী বছরের ক্যালেন্ডার ছাপা থাকবে। এই প্রথম এমন উদ্যোগ নিচ্ছে প্রশাসন। বাবুঘাট থেকে সাগর, সর্বত্র এই লিফলেট বিলি করা হবে। ফলে ভিন রাজ্য থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর হাতের নাগালেই থাকবে পুরো তথ্য। তাঁরা সেই মতো নিজেদের যাত্রার বিষয়টি ছকে নিতে পারবেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার সাগরের প্রস্তুতি সরজমিনে দেখেন প্রাক্তন জেলাশাসক তথা বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার সুমিত গুপ্তা ও জেলা প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও মেলার আয়োজন ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সফরের আগে যাবতীয় কাজ শেষ করাই এখন অন্যতম লক্ষ্য প্রশাসনের। কাজ সেইদিকে অনেকটাই এগিয়েছে বলে আধিকারিকরা দাবি করেছেন। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, মেলায় পুণ্যার্থীদের যাওয়ার সুবিধার জন্য ১০০ লঞ্চ, ২৩টি ভেসেল, ১৩টি বার্জ থাকবে। থাকবে ৩টি ওয়াটার অ্যাম্বুলেন্স, ১টি এয়ার অ্যাম্বুলেন্স। বাবুঘাট  ও  হাওড়া থেকে লট ৮ পর্যন্ত ২৫০টি বাস চলাচল করবে।  কচুবেরিয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্তও পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে।

সম্পর্কিত সংবাদ