Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওভালের কিউরেটরের সঙ্গে বাগযুদ্ধ গম্ভীরের, অনুশীলনে চনমনে কুলদীপ যাদব, অভিষেক হতে পারে অর্শদীপের

ভারত-ইংল্যান্ড পঞ্চম তথা শেষ টেস্ট ঘিরে উত্তাপ যে বাড়ছে, তা ভালোই টের পাওয়া গেল মঙ্গলবার ওভালে। কিউরেটরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর।

ওভালের কিউরেটরের সঙ্গে বাগযুদ্ধ গম্ভীরের, অনুশীলনে চনমনে কুলদীপ যাদব, অভিষেক হতে পারে অর্শদীপের
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ভারত-ইংল্যান্ড পঞ্চম তথা শেষ টেস্ট ঘিরে উত্তাপ যে বাড়ছে, তা ভালোই টের পাওয়া গেল মঙ্গলবার ওভালে। কিউরেটরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। আঙুল উঁচিয়ে চলল তর্কাতর্কি। কোনওক্রমে পরিস্থিতি সামাল দেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তবে এই ঘটনা পঞ্চম টেস্টে আরও বারুদ যে জোগাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

মঙ্গলবার ওভালে ছিল টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাকটিস।  রিজার্ভ ক্রিকেটারদের সঙ্গেই মাঠে এসেছিলেন কোচ গম্ভীর সহ বাকি সাপোর্ট স্টাফরা। কিন্তু প্র্যাকটিসের বন্দোবস্ত দেখে বেজায় রুষ্ট হন গিলদের হেডস্যার। মাঠ কর্মীদের উপর উগরে দেন ক্ষোভ। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, কিছুটা দূরে দাঁড়ানো কোচ গম্ভীরকে ওভালের কিউরেটর লি ফর্টিস কিছু বলছেন।  তার পরেই উত্তেজিত হয়ে পড়েন গম্ভীর। থ্রো-ডাউন থামিয়ে তিনি বলেন, ‘আমাদের কী করতে হবে তা আপনারা বলতে পারেন না।’ পাশেই দাঁড়িয়েছিলেন সীতাংশু কোটাক। তিনি কিউরেটরকে শান্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি তখন বেশ উত্তপ্ত। রাগে গজরাতে থাকেন গম্ভীর। ফের তিনি ঘুরে দাঁড়িয়ে সীতাংশুকে উদ্দেশ্য করে বলেন, ‘ওকে বলো, যা করার করে নিতে। অভিযোগ জানাতে বলো ম্যাচ রেফারির কাছে।’ কিউরেটরও তখন কিছু বলেন। সেটা শোনা যায়নি ভিডিওতে। তবে গম্ভীর ছাড়ার পাত্র নন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা কী করব সেই নির্দেশ আপনি দিতে পারেন না।’
পরে ভারতীয় সাংবাদিকদের অনেক জেদাজেদিতেও মুখ খোলেননি কিউরেটর। পরে সীতাংশু কোটাক সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘মাঠে ঢোকার পর থেকেই কিউরেটর খারাপ ব্যবহার করছিলেন। আমরা পিচ দেখতে গিয়ে বাধার মুখে পড়ি। বলা হয়, আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে হবে। দড়ি দিয়ে যে বেষ্টনী করা আছে, তার ভিতরে ঢোকা যাবে না। আমরা বোঝানোর চেষ্টা করি এটা তো পিচ, অন্য কিছু নয়। খেলার এখনও দু’দিন বাকি। তাহলে সমস্যা কোথায়? তাছাড়া আমাদের কারও পায়ে স্পাইক ছিল না। সকলেই জগার পরে মাঠে এসেছিলাম। তবুও পায়ে পা তুলে ঝগড়া করল কিউরেটর। এমনকী, বরফের বাক্সটাও বৃত্তের মধ্যে রাখতে দেয়নি। ওর সম্পর্কে আগেই অনেক কিছু শুনেছি। এখন হাড়ে হাড়ে টের পেলাম। তবে আমরা ব্যাপারটিকে বেশি গুরুত্ব দিতে নারাজ। কিউরেটরের বিরুদ্ধে কোনও অভিযোগ করা হচ্ছে না।’
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। আসলে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ উত্তেজনার চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে স্টোকসের হ্যান্ডশেক ফিরিয়ে দিয়ে জাদেজা ও সুন্দর সেঞ্চুরি হাঁকানোর পর যথেষ্ট অপমানিত বোধ করেছেন ইংরেজরা। তারই প্রতিফলন ওভালের এই ঘটনা। 
এদিকে, মঙ্গলবার প্র্যাকটিসে নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝরাতে দেখা গেল চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। ব্যাটারদের বেশ কয়েকবার বিপাকেও ফেললেন। নেট সেশনের পর কোচের সঙ্গে কুলদীপের দীর্ঘ আলোচনাও চলে। সেটা দেখে অনেকেই বলছেন, পঞ্চম টেস্টে হয়তো খেলবেন কুলদীপ। সেই সঙ্গে অর্শদীপ সিংয়ের অভিষেকের সম্ভাবনাও প্রবল। ফিট আকাশ দীপও। এখনও বুমরাহকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দল। হাতে আরও একটা দিন। বৃহস্পতিবার পঞ্চম টেস্টের বল না গড়ানো পর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশ চয়ন ঘিরে আগ্রহ তুঙ্গে।

সম্পর্কিত সংবাদ