বেঙ্গালুরু: কয়েক বছরের মধ্যে মহাকাশে নভোশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। সৌজন্যে ‘গগনযান’ অভিযান। জোরকদমে চলছে প্রস্তুতি পর্ব। ক্রু মডিউল সহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এবার মহাকাশযানের ড্রোগ প্যারাশ্যুটের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল ইসরো। শনিবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানের গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। গতিবেগ কমানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্রোগ প্যারাশ্যুট। তারই সফল পরীক্ষা শেষ হল। অর্থাৎ, মূল অভিযানের দিকে আরও একধাপ এগিয়ে গেল ইসরো। জানা গিয়েছে, গত ১৮ ও ১৯ ডিসেম্বর চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরিতে এই প্যারশ্যুট পরীক্ষা করা হয়।



