নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোয়ায় সোনার দোকানে কাজ করতে গিয়ে তিনজন কর্মী ৫০০ গ্রামের বেশি সোনা চুরি করে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে হাবড়া থেকে অভিযুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার করে গোয়া পুলিস। তারা জানিয়েছে, ধৃতদের নাম তাপস জানা, সঞ্জয় মণ্ডল ও সুপ্রকাশ মণ্ডল। প্রথম দু’জনের বাড়ি মেদিনীপুরে। সুপ্রকাশ মণ্ডল উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বাসিন্দা। তিনজনই সুপ্রকাশের শ্বশুরবাড়ি হাবড়ায় গা ঢাকা দিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়, তাপস ও সুপ্রকাশ কয়েক বছর আগে গোয়ার মারগাঁও থানা এলাকায় সোনার কাজে যোগ দেয়। মালিকের বিশ্বস্ত হয়ে উঠেছিল তারা তিনজনই। সেই সুযোগ কাজে লাগিয়ে তারা ধাপে ধাপে ৫০০ গ্রামের বেশি সোনা চুরি করে বলে অভিযোগ। গত ২৯ নভেম্বর তারা গোয়া ছাড়ে। কাছে থাকা সোনার গয়নার কিছুটা বিক্রি করে জরুরি ভিত্তিতে প্লেন ধরে কলকাতায় ফেরে তারা। এর জন্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা খরচ হয় তাদের। পুলিসের প্রাথমিক অনুমান, প্রায় ২০০ গ্রাম সোনা ধৃতরা বিমানে করে নিয়ে আসে হাবড়ায়। সেই সোনা উদ্ধারও হয়েছে। একসঙ্গে বেশি সোনা যে বিমানে আনা যায় না, সেই কথা মাথায় রেখে অভিযুক্তরা বাকি সোনা গোয়াতেই কোথাও লুকিয়ে রেখেছে বলে ধারণা পুলিসের।
সোমবার গভীর রাতে মারগাঁও টাউন থানার পুলিস বাহিনী হাজির হয় হাবড়া থানায়। স্থানীয় পুলিসকে সঙ্গে নিয়ে গোয়ালবাটি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তিন অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।