নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অনেক মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরাও পাচ্ছেন না। বারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচীর জনতার দরবারে এসে এই অভিযোগ জানালেন কয়েকজন মহিলা। তাঁদের বিধায়ক জানান, যাঁরা পাওয়ার যোগ্য তাঁরা অবশ্যই পাবেন। অতীতে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন অনেক পুরুষ। তাঁদের এই প্রকল্পে টাকা পাওয়া উচিত নয়। তাই সব কিছু খতিয়ে দেখে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন।
মানুষের সমস্যার কথা শুনতে টিটাগড় ও বারাকপুর পুর এলাকায় জনতার দরবার শুরু করলেন বিধায়ক। সোম, বুধ, শুক্র টিটাগরে এবং মঙ্গল, বৃহস্পতি ও শনি বারাকপুরে সকাল দশটা থেকে মানুষের সমস্যার কথা শুনছেন তিনি। সোমবার থেকে শুরু হয়েছে জনতার দরবার। সোমবার বিধায়ক টিটাগড়ে বসেন। মঙ্গলবার বসেছিলেন বারাকপুরে। মানুষ সেখানে সমস্যা দিয়ে হাজির হন। বিধায়ক তাঁদের কথা শোনেন। পারিবারিক বা জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সমাধান সম্ভব নয় বলে জানান। বিধায়ক বলেন, ‘আমরা সিপিএম বা তৃণমূলের মত সব বিষয়ে ঢুকব না। প্রশাসনিক সমস্যা বা কোনো অবিচারের ঘটনার সাহায্য করা হবে। আইনি জটিলতা থাকলে হস্তক্ষেপ করব না।’ এই প্রথম বারাকপুরের কোনো বিধায়ক প্রতিদিন মানুষের কথা শুনছেন বলে বক্তব্য মানুষের।