ইরানের তিন পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর অশান্তি বাড়ছে পশ্চিম এশিয়ায়। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইরান। ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে আমেরিকা যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আর যার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দামও। সূত্রের খবর, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসের পর এটাই সর্বাধিক। যার ফলে পকেটে চাপ বাড়বে আমজনতার। আমেরিকায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৫.৯৮ ডলারে। ব্রেন্ট ব্যারেল প্রতি ৭৯.১২ ডলারে দাঁড়িয়েছে। গতকাল, রবিবারই এর দাম ব্যারেল প্রতি ৭৭ ডলারে ছিল। শেয়ার বাজারেও পতন দেখা দিচ্ছে। নাসডাক ফিউচারস-এর সূচক পড়েছে ০.৭ শতাংশ পড়েছে। বাজার খুলতেই এশিয়ার মার্কেটে একাধিক সংস্থার শেয়ারের দাম পড়েছে। সূচকও নিম্নগামী। জাপানের টোকিওর নিককেই ইনডেক্স ০.৬ শতাংশ পড়েছে। সিওল পড়েছে ১.৪ শতাংশ।



