Bartaman Logo
৯ জুন, ২০২৬

মুম্বইতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রিয় বন্ধু সম্বোধন মোদির

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করতে তিনদিনের সফরে আজ, মঙ্গলবার ভোরে মুম্বইতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মুম্বইতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রিয় বন্ধু সম্বোধন মোদির
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করতে তিনদিনের সফরে আজ, মঙ্গলবার ভোরে মুম্বইতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই নিয়ে চতুর্থবার ভারতে এলেন তিনি। সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী ব্রিজেত। এদিন ভোরে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং রাজ্যপাল আচার্য দেবরাত। ছিলেন উপ-মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং সুনেত্রা পাওয়ারও। ভারতে আসার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ম্যাক্রোঁ। বিমানের জানালার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ভারতের পথে। আমাদের কৌশলগত বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাব। এর জন্যই মুম্বই এবং নয়াদিল্লিতে তিনদিন। আমার সঙ্গে রয়েছেন ব্যবসায়ী, অর্থনৈতিক, শিল্প, সাংস্কৃতিক এবং ডিজিটাল সমঝদারেরা। যারা ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবেন। এর ফলে আমরা আরও অগ্রসর হতে পারব। আগামীকাল আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হবে। 

Advertisement

ফ্রান্সের প্রেসিডেন্টের পোস্টের পরই আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। লেখেন, ভারতে স্বাগত। দেশ আপনার সফর এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি নিশ্চিত যে আমাদের আলোচনা বিশ্বব্যাপী অগ্রগতিতে অবদান রাখবে। আমার প্রিয় বন্ধু ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রথমে মুম্বইতে এবং পরে দিল্লিতে দেখা হবে।

সূত্রের খবর, আজ মুম্বইতে বিকেলের দিকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি এবং ম্যাক্রোঁ। সেখানে দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরিত হতে পারে। ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। আলোচনা হতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়েও। এরপর এখান থেকে দিল্লি যাবেন ম্যাক্রোঁ। সেখানে এআই সংক্রান্ত সম্মেলনে যোগ দেবেন তিনি। 

সম্পর্কিত সংবাদ