Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৭টি থানা, এসডিও অফিস, হাসপাতালে বিনামূল্যে আইনি সহায়তা

বিনামূল্যে আইনি পরামর্শ দিতে পূর্ব মেদিনীপুরে হাসপাতাল, মহকুমা শাসকের অফিস ও ২৭টি থানায় লিগ্যাল এইড হেল্প ডেস্ক চালু হয়েছে।

২৭টি থানা, এসডিও অফিস, হাসপাতালে বিনামূল্যে আইনি সহায়তা
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিনামূল্যে আইনি পরামর্শ দিতে পূর্ব মেদিনীপুরে হাসপাতাল, মহকুমা শাসকের অফিস ও ২৭টি থানায় লিগ্যাল এইড হেল্প ডেস্ক চালু হয়েছে। ১আগস্ট থেকে প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা(পিএলভি) ওই সমস্ত থানা, কাঁথি ও এগরার মহকুমা শাসকের অফিস এবং তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে বসছেন।

Advertisement

জেলায় প্রতিমাসে ১১০০-এর বেশি এফআইআর হয়। গত জুলাই মা঩সে ১১৮৩টি এফআইআর দায়ের হয়েছে। অনেকসময় বিপদে পড়ে থানায় গিয়ে এফআইআর করার পর কীভাবে আইনি লড়াই করবেন-তা নিয়ে মানুষ ধোঁয়াশায় থাকেন। অসাধু চক্রের খপ্পরে পড়ে তাঁদের হাজার হাজার টাকা খোয়াতে হয়। অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেওয়ার ঘটনাও প্রায়শই ঘটে। এসব ক্ষেত্রে পিএলভিরা বিনামূল্যে উপযুক্ত পরামর্শ দেবেন।
এবিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের(ডিএলএসএ) সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত নাগরিক যাতে সঠিকভাবে আইনি পরামর্শ পান, সেটা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে পরামর্শ ও আইনি সহায়তা পাওয়া যাবে। ৩১জুলাই তমলুকে জেলাশাসকের অফিসে শিশুকন্যাদের সুরক্ষা নিয়ে একটি সেমিনার হয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজী, জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত, ডিএলএসএ’র সচিব সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। প্রতিটি থানার সেকেন্ড অফিসাররাও মিটিংয়ে হাজির হন। সেই মিটিংয়ে ভূপতিনগর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ নাবালিকাদের উদ্ধারের পর হাসপাতাল, আদালত, হোম সহ নানা জায়গায় ব্যাপক হয়রানির মুখে পড়তে হয়। এছাড়া, অনেকসময় বিচারপ্রার্থীরা থানায় এসে আইনি পরামর্শ নেওয়ার সময় অসাধু চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যান।এরপরই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব পিএলভিদের দিয়ে আইনি সহায়তা ডেস্ক চালুর নির্দেশিকা জারি করেন। এই পরিষেবা দেওয়ার জন্য তাঁদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। এগরা মহকুমা শাসকের অফিস, এগরা ও ভূপতিনগর থানার সঙ্গে পিএলভি সৌমেন মাইতিকে যুক্ত করা হয়েছে। তিনি সোম, বুধ ও শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এসডিও অফিসে হেল্প ডেস্ক চালাবেন। ওই তিনদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এগরা থানায় বসবেন সৌমেনবাবু। মঙ্গল ও বৃহস্পতিবার তিনি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভূপতিনগর থানায় বসবেন। একইভাবে মঞ্জুর আলি শাহ কাঁথি থানা, মারিশদা থানা ও তালপাটিঘাট কোস্টাল থানায় আইনি সহায়তা ডেস্কের দায়িত্বে থাকবেন। থানায় পিএলভিদের বসার ব্যবস্থা করার জন্য পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবারই তমলুক হাসপাতালের প্যারালিগ্যাল ভলান্টিয়ার এক বৃদ্ধাকে নিয়ে ডিএলএসএ অফিসে যান। সম্পত্তি বিবাদে নাজেহাল ওই বৃদ্ধাকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ