লখনউ, ২৩ আগস্ট: সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা। আবার সঙ্গে থাকা একজন সঙ্গীরও কোনো রকম ভাড়া লাগবে না। ২৭ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মিলবে এই বিশেষ সুবিধা। উত্তরপ্রদেশের মহিলাদের রাখি উৎসবের বিশেষ উপহার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
লখনউ, ২৩ আগস্ট: সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা। আবার সঙ্গে থাকা একজন সঙ্গীরও কোনো রকম ভাড়া লাগবে না। ২৭ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মিলবে এই বিশেষ সুবিধা। উত্তরপ্রদেশের মহিলাদের রাখি উৎসবের বিশেষ উপহার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
শনিবার লখনউয়ে নিজের সরকারি বাসভবনে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী পরিবহণ, পুলিশ ও প্রশাসনকে সমন্বয় রেখে উৎসবের সময় মহিলাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, রাখিবন্ধনের সময় অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে বাস পরিষেবা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দিতে হবে।
মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্যজুড়ে অ্যান্টি-রোমিও স্কোয়াড সক্রিয় রাখার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাসচালকদের মদ্যপান বা অন্য কোনও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে না দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস, অটো ও ট্যাক্সিচালকদের পরিচয় যাচাই করেও যাত্রী নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। শুধু যাতায়াত ব্যবস্থা নয় বৈঠকে রাজ্যের জলজট ও বন্যা পরিস্থিতিও খতিয়ে দেখেন যোগী আদিত্যনাথ। । প্রয়াগরাজ, বারাণসী, লখনউ, কানপুর, গোরখপুর সহ একাধিক এলাকার প্রশাসনিক আধিকারীকদের থেকে জল জমার কারণ ও ক্ষতিগ্রস্ত এলাকার বিস্তারিত রিপোর্ট চান তিনি। উত্তরপ্রদেশের ১৯টি বন্যাপ্রবণ জেলার পরিস্থিতি নিয়েও পৃথকভাবে পর্যালোচনা করা হয়। বলিয়া, গোন্ডা, বহরাইচ, বারাবাঁকি, ফারুখাবাদ ও লাখিমপুর খেরির জেলাশাসকদের কাছ থেকে ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি জানতে চান যোগী। তিনি সব জেলার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা সচল রাখা এবং সদর দফতর থেকে নিরবচ্ছিন্ন নজরদারির নির্দেশ দেন।