Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশাখাপত্তনম স্টিল প্লান্টের প্রতিনিধি পরিচয় দিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা!

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (এনএইচএআই) কাজের জন্য ৭৩ মেট্রিক টন স্টিল টিএমটি বার প্রয়োজন। তার বরাত পেয়েছিল সরকারি তালিকাভুক্ত একটি সংস্থা।

বিশাখাপত্তনম স্টিল প্লান্টের প্রতিনিধি পরিচয়  দিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা!
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (এনএইচএআই) কাজের জন্য ৭৩ মেট্রিক টন স্টিল টিএমটি বার প্রয়োজন। তার বরাত পেয়েছিল সরকারি তালিকাভুক্ত একটি সংস্থা। সামগ্রী কিনতে অনলাইনে যোগাযোগ করেছিল ওই সংস্থার লোকজন। সেই সুযোগে বিশাখাপত্তনম স্টিল প্লান্টের প্রতিনিধি পরিচয় দিয়ে অগ্রিম বাবদ প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। তারপর যোগাযোগও বন্ধ করে দেয়। সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যোগাযোগের পর ওই ঠিকাদার সংস্থা জানতে পারে, তারা প্রতারকের খপ্পরে পড়েছে। বিষয়টি নিয়ে ওই সংস্থার পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনএইচএআই প্রকল্পের কাজের জন্য গত মার্চ মাসে ওই সংস্থা বরাত পায়। ৭৩ মেট্রিক টন স্টিল টিএমটি বার প্রয়োজন। তার জন্য ওই সংস্থা ভেবেছিল, ‘রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড’ (বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট) থেকে ওই জিনিস কিনবে। তার জন্য একটি সংস্থার ওয়েবসাইট সার্চ করে। একটি সাইটের সঙ্গে যোগাযোগ হয়। ই-মেল মারফত ৩৩ মেট্রিক টন ইস্পাত টিএমটি বারের জন্য ২০ লক্ষ ৪৪ হাজার টাকা দর দেয়। অগ্রিম বাবদ ওই সংস্থা ২ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। এবং পরিবহণের জন্য আরো ৩ লক্ষ টাকা দেয়। তারপরই ওই সাইট থেকে আর কোনো উত্তর আসেনি। তা নিয়ে সন্দেহ হয়।
এরপর প্রতারিত সংস্থা সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, ওই ওয়েবসাইটটি ভুয়ো। এরপরই প্রতারিত হয়েছে বুঝতে পেরে ওই সংস্থা মঙ্গলবার সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ই-মেল, ফোন নম্বর এবং টাকা স্থানান্তরের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু হয়েছে। তবে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

সম্পর্কিত সংবাদ