বড়দিনের রাতেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান। গতকাল, বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার বালকবাড় বাজারে আগুন লেগে চারটি দোকান ভস্মীভূত হয়ে যায়। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। গতকাল, রাতে যখন আগুন লাগে তখন স্থানীয়রাই তা নেভাতে এগিয়ে যান। পরে দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।



