


বিশেষ সংবাদদাতা, ইম্ফল: হিংসাদীর্ণ মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। সোমবার ভোরে খানপি গ্রামের এই ঘটনায় খতম জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র চার সদস্য। জানা গিয়েছে, সেনা ও অসম রাইফেলসের যৌথ দল গোপন খবরের ভিত্তিতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ‘অপারেশন খানপি’ শুরু করে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। দু’পক্ষের গুলি বিনিময়ে চার ইউকেএনএ জঙ্গির মৃত্যু হয়। যদিও বেশ কয়েকজন জঙ্গি পার্শ্ববর্তী জঙ্গলে গা-ঢাকা দেয়।
চুড়াচাঁদপুর জেলা থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে খানপি গ্রাম। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এলাকায় অভিযান এখনও চলছে। ওই গ্রাম সংলগ্ন এলাকা থেকে যাতে কোনও জঙ্গি পালিয়ে যেতে না পারে, সেজন্য ব্যাপক তল্লাশি চলছে। প্রসঙ্গত, গ্রামপ্রধানকে খুন, সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন ও শান্তি বিঘ্নিত
করার চেষ্টা সহ সাম্প্রতিক বেশ কিছু হিংসার ঘটনায় নাম উঠে এসেছে এই জঙ্গি গোষ্ঠীর। সূত্রের খবর, খানপি গ্রামে একটি বাড়িতে ১৭ জন ইউকেএনএ জঙ্গি লুকিয়ে ছিল। তাদের মধ্যে চার জনকে খতম করা হয়েছে। ধরা পড়েছে একজন। বাকিরা পালিয়ে যেতে পেরেছে।