সংবাদদাতা, তারকেশ্বর ও উলুবেড়িয়া: তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বিজেপির চার কর্মী। জখমদের প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে বৈঁচি বেরেলা কোঁচমালি অঞ্চলে। বিজেপির কর্মী-সমর্থকরা একটি ছোটো হাতিতে চড়ে পাণ্ডুয়ার তিন্নায় বিজেপির তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি জি টি রোড ধরে যাওয়ার সময় একটি চারচাকার গাড়ি বিপজ্জনকভাবে উলটো দিক থেকে আসছিল। সেই সময় ছোটো হাতির চালক নিয়ন্ত্রণ হারালে ওই গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এই ঘটনায় চারজন গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডুয়া থানার পুলিশ। ঘাতক গাড়িটি চম্পট দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



