নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ‘দুর্গাঙ্গন’ গড়ে তোলা হবে। এবছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমাসে এই প্রকল্পের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভাও। এবার কোথায় এই প্রকল্প গড়ে তোলা হবে তা নির্ধারণ করল নবান্ন। সূত্রের খবর, প্রাথমিকভাবে নিউ টাউনে ইকো পার্কের কাছাকাছি একটি জমি চিহ্নিত করা হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে নিউ টাউনে আড়াইশো কোটি টাকার অধিক ব্যয়ে সেখানেই প্রকল্পটি নির্মিত হবে। প্রকল্প গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে (হিডকো)। ইতিমধ্যেই নির্মাণ কাজের জন্য এজেন্সি বাছাই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।



