নয়াদিল্লি: প্রধানমন্ত্রিত্বের মেয়াদের বিচারে জওহরলাল নেহরুকে টপকে গিয়েছেন নরেন্দ্র মোদি। তিনিই এখন ভারতের সবথেকে বেশিদিন একটানা ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এই ‘ঐতিহাসিক’ মুহূর্তে উত্তরসূরির প্রশংসায় পঞ্চমুখ হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। তাঁর রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, দেশের সাফল্যের ইতিহাসে শ্রী মোদীর অবদান অপরিসীম ও ঐতিহাসিক।
মাত্র ১১ মাস প্রধানমন্ত্রী ছিলেন দেবেগৌড়া। তাঁর অভিযোগ, নেহরু-গান্ধী পরিবারের বাইরে কোনো প্রধানমন্ত্রীর সামনে বিশেষ ‘গৌরবোজ্জ্বল ভাবমূর্তি’র দাবিদার হওয়ার সুযোগ ছিল না। অন্য অনেক প্রধানমন্ত্রী যে সামাজিক ও সাংস্কৃতিক পুঁজি বা প্রতিপত্তি ভোগ করেছিলেন, তা তাঁর নিজের ক্ষেত্রেও ছিল না। মোদির ক্ষেত্রেও নেই। দেবেগৌড়ার আরও দাবি, নেহরুর সময় মাত্র ৫৩টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেখানে মোদিকে ২৫৯৩টি দলের মোকাবিলা করতে হয়েছে। এমনকি পণ্ডিত নেহরুর মন্ত্রিসভায় মূলত উচ্চবর্ণের প্রাধান্যের কথাও লিখেছেন তিনি। সেখানে মোদির মন্ত্রিসভার সামাজিক ভারসাম্য, মহিলা সংরক্ষণ বিল পাশের অকুণ্ঠ প্রশংসা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, দেশের স্বার্থের প্রশ্নে বর্তমান প্রধানমন্ত্রী সর্বদা আপসহীন। শুধু তা-ই নয়, তিনি সর্বদা আত্ম-পর্যালোচনাও করেছেন। ফাইল চিত্র