Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

‘বই লেখা পর্যন্তই আমার দায়িত্ব’ , আত্মজীবনী প্রকাশে বিলম্ব নিয়ে মন্তব্য প্রাক্তন সেনাপ্রধানের

লোকসভার বাজেট অধিবেশনে নতুন করে চর্চায় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের আত্মজীবনী ‘ফোর স্টারস অব ডেস্টিনি’।

‘বই লেখা পর্যন্তই আমার দায়িত্ব’ , আত্মজীবনী প্রকাশে বিলম্ব নিয়ে মন্তব্য প্রাক্তন সেনাপ্রধানের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নয়াদিল্লি: লোকসভার বাজেট অধিবেশনে নতুন করে চর্চায় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের আত্মজীবনী ‘ফোর স্টারস অব ডেস্টিনি’। ২০২৪ সালে প্রকাশের কথা থাকলেও এই বই এখনও বাজারে আসেনি। এদিকে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বইয়ের কিছু অংশ উদ্ধৃত করে সরকারের সমালোচনা করেন। বিষয়টা নিয়ে শাসক দলের সংসদরা তীব্র আপত্তি জানান। এই নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং শেষ পর্যন্ত লোকসভা অধিবেশন মুলতুবি রাখতে হয়। আসলে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের লেখা এই বইটি এখনও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বইটি আগে অনলাইনে প্রি-অর্ডারের জন্য তালিকাভুক্ত হলেও পরে তা বাতিল করা হয়। এমন বিড়ম্বনার কারণ একটাই, বইটির বিষয়বস্তু। আত্মজীবনীতে তাঁর দীর্ঘ কর্মজীবন, গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত, সীমান্ত পরিস্থিতির মতো সংবেদনশীল বিষয় নিয়ে লিখেছেন জেনারেল নারাভানে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই বই সম্পর্কে তিনি বলেন, আমার কাজ ছিল বই লিখে প্রকাশকদের কাছে পৌঁছে দেওয়া। প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অনুমতি নেওয়া প্রকাশকদের দায়িত্ব।’ মজার ছলে আরও বলেন, ‘ভালো মদ যেমন সময়ের সঙ্গে সঙ্গে পরিপক্ব হয়, তেমনই এই বইটিও পরিণত হচ্ছে।’ তাঁর বক্তব্য অনুযায়ী, সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের লেখা বইয়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় থাকে, তাই যাচাই-বাছাই হওয়াটা স্বাভাবিক এবং প্রয়োজনীয়। তবে বিরোধী দল এই ঘটনাকে সেন্সরশিপ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলে ধরার সুযোগ হিসেবে দেখছে। অন্যদিকে সরকার বলছে, জাতীয় নিরাপত্তা ও সংসদের মর্যাদার সঙ্গে সমঝোতা করা হবে না।  এই বিতর্ক রাজনীতি ও সেনাবাহিনীর সম্পর্ক, বই প্রকাশে সরকারি অনুমোদন এবং সংসদীয় আচরণ সংক্রান্ত আলোচনায় নয়া মাত্রা যোগ করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ