ওয়াশিংটন, ৮ নভেম্বর: আপনার ডায়াবেটিস আছে? স্থূলতা বা ওবেসিটিতে ভুগছেন? এইধরণের শারীরিক সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আমেরিকায় যাওয়া কিংবা থাকা এবার থেকে অনিশ্চিত হতে পারে। কারণ মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনের তরফে বিদেশি নাগরিকের ভিসা সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, যে সমস্ত বিদেশি নাগরিকের ডায়াবেটিস, ওবেসিটির মতো রোগ রয়েছে তাদের মার্কিন মুলুকের ভিসা দেওয়া হবে না। এই ধরনের রোগ থাকলে তৎক্ষণাৎ ভিসা বাতিল করে দেওয়া হবে।
ভিসার আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে মার্কিন বিদেশদপ্তর একটি নির্দেশিকা পাঠিয়েছে সমস্ত দূতাবাস ও কনস্যুলেটে। নির্দেশিকায় ডায়াবেটিস এবং ওবেসিটির পাশাপাশি হৃদরোগ, ক্যানসার, শ্বাসযন্ত্রের সমস্যা, স্নায়ুজনিত রোগ আছে কি না খতিয়ে দেখা হবে। এই সব রোগের চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার খরচ হয়। নির্দেশিকাও এও বলা হয়েছে, উপরোক্ত রোগ রয়েছে যে বিদেশি নাগরিকদের, তাদের ভিসার আবেদন বাতিল করার ক্ষমতা দেওয়া হল আধিকারিকদের। ট্রাম্প প্রশাসনের এইধরণের পদক্ষেপের জন্য চিন্তা বাড়ছে বিদেশি নাগরিকদের। এমনিতেই মার্কিন ভিসার জন্য আবেদন করলে ইন্টিগ্রিটি ফি দেওয়ার নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। ফলে খরচ বাড়তে চলেছে। ২০২৬ সাল থেকে এই ফি বাবদ ২৫০ ডলার দিতে হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা। আগে খরচ হতো ১৬ হাজার টাকা। নতুন বছরে সেটাই গিয়ে দাঁড়াবে ৪০ হাজার টাকার কাছাকাছি।