সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার মাদারিহাটের সুভাষনগর এলাকায় একটি পরিত্যক্ত গোডাউনে হানা দিয়ে পুলিশ ৫০ লক্ষ টাকার মজুত বিদেশী মদ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোন মাদকচক্র ভুটানে পাচারের উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ মদ পরিত্যক্ত গোডাউনটিতে মজুত করে রেখেছিল।
স্থানীয় বাসিন্দা সুরজিৎ রায় ওই গোডাউটির মালিক। তিনিই এদিন তাঁর ওই গোডাউনে থরে থরে বিদেশী মদের সাজানো বোতল দেখে মাদারিহাট থানায় খবর দেন। পরে আবগারী দপ্তরের নিয়ম মেনে পুলিশ জলদাপাড়ার জঙ্গল ঘেঁষে থাকা ওই পরিত্যক্ত গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ মদের বোতল বাজেয়াপ্ত করে। পরিত্যক্ত গোডাউনে ওই মদের বোতল মজুত করার পিছনে কে বা কারা তা খুঁজে বের করার জন্য পুলিশ তদন্তে নেমেছে।