Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

সংসদে প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের আলোচনা এড়াতে চাইছে সরকার

আগামী ২০ অথবা ২১ মার্চ সংসদে পাশ হবে বাজেট। সোমবার থেকে শুরু হয়েছে অধিবেশনের দ্বিতীয় পর্ব।

সংসদে প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের আলোচনা এড়াতে চাইছে সরকার
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২০ অথবা ২১ মার্চ সংসদে পাশ হবে বাজেট। সোমবার থেকে শুরু হয়েছে অধিবেশনের দ্বিতীয় পর্ব। এই পর্বে বিভিন্ন মন্ত্রকের বাজেট বরাদ্দ দিয়ে আলোচনার পর সাধারণত গিলোটিনে বাজেট পাশ হয়। সেই আলোচনায় বিরোধীরা প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রক নিয়ে আলোচনার দাবি করলেও তা মানতে নারাজ সরকার। ওই দুই মন্ত্রকের বাজেট নিয়ে আলোচনায় আদতে বিদেশ নীতি, চীনের ভারতীয় জমি কব্জার অভিযোগ, আমেরিকা-ভারত শুল্ক ইস্যু, হাতকড়া পরিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর মতো ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করতে চায় বিরোধীরা। 

Advertisement

বিষয়টি অনুমান করেই সরকার উল্লখিত মন্ত্রকের আলোচনা এড়াতে চায়। তাই সরকার জানিয়ে দিয়েছে, লোকসভায় রেল, জলশক্তি এবং কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। আর রাজ্যসভায় স্বরাষ্ট্র, রেল, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আলোচনা হবে। আজ থেকেই শুরু হবে চর্চা। চলবে আগামী সপ্তাহ পর্যন্ত। ‘হোলি’র জন্য আগামী শুক্রবার ১৪ মার্চ সংসদ ছুটি। তবে এদিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সরকারের সঙ্গে আলোচনায় বিরোধীরা জানিয়েছে ১৩ তারিখও ছুটি দেওয়া হোক। পরিবর্তে আগামী ২৯ মার্চ শনিবার সংসদ বসুক। সরকার তা মেনে নিয়েছে। অন্যদিকে, তৃণমূলের দীপক অধিকারী এবং বিজেপি সাংসদ ডি পুরণ্ডেশ্বরীর জিএসটি সংক্রান্ত লিখিত প্রশ্নের উত্তরে লোকসভায় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, বছর বছর জিএসটি আদায়ের পরিমাণ বাড়ছে। ২০১৭-১৮ সালে ছিল ৭ লক্ষ ৪০ হাজার ৬৫০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেটিই বেড়ে হয়েছে ২০ লক্ষ ১২ হাজার ৭২০ কোটি টাকা। পশ্চিমবঙ্গে জিএসটি আদায় গত এক বছরে বৃদ্ধি পেয়েছে সাত শতাংশ। তৃণমূলের সাজদা আহমেদের এক প্রশ্নের উত্তরে পরিচারক-পরিচারিকাদের সুরক্ষা, কল্যাণের জন্য মোদি সরকার আয়ুষ্মান ভারত, আবাস যোজনার মতো ১৩ টি প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ