


লখনউ: মঙ্গলবার উত্তরপ্রদেশে খনন যন্ত্রবাহী ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল ফুট ওভারব্রিজের একাংশ। এদিন সকাল ১১টা নাগাদ লখনউ-প্রয়াগরাজ এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল ট্রাকটি। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। তবে কোনও হতাহতের খবর মেলেনি।
দুর্ঘটনার সময় ট্রাকের পিছনেই ছিল একটি সাদা রঙের এসইউভি। একটুর জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় গাড়িটি। কারণ ওই গাড়ি ঘেঁষে রাস্তার উপর ভেঙে পড়ে ফুট ওভারব্রিজের লোহার কাঠামো।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা। মুহূর্তের জন্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। ট্রাকটি খুব দ্রুতগতিতে আসছিল। আর তার জেরেই এই ঘটনা। ভাগ্য ভালো, কারও কিছু হয়নি।’ ঘটনার পরই এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটে দেখা যায়। ইতিমধ্যেই ওই ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিস।