Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিএএ’র জন্য প্রধানমন্ত্রীকে নোবেল দেওয়ার দাবি খাদ্যমন্ত্রীর

সিএএ’র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানালেন খাদ্য ও সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া। রবিবার বিকেলে বাগদার বেয়াড়া এলাকায় উদ্বাস্তু ও মতুয়াদের নিয়ে সিএএ সহায়তা শিবিরে আলোচনা সভায় এসে এমনই দাবি করলেন মন্ত্রী।

সিএএ’র জন্য প্রধানমন্ত্রীকে নোবেল দেওয়ার দাবি খাদ্যমন্ত্রীর
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, বনগাঁ: সিএএ’র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানালেন খাদ্য ও সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া। রবিবার বিকেলে বাগদার বেয়াড়া এলাকায় উদ্বাস্তু ও মতুয়াদের নিয়ে সিএএ সহায়তা শিবিরে আলোচনা সভায় এসে এমনই দাবি করলেন মন্ত্রী। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মতুয়া উদ্বাস্তুদের উদ্দেশে মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, খুবই সহজ সরল একটি আইন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে তিনি যদি নোবেল পুরস্কার পান তাহলে এই  সিএএ’র জন্য পাবেন। কংগ্রেসকে আক্রমণ করে মন্ত্রী বলেন, মতুয়া সম্প্রদায়ের মানুষকে কংগ্রেস যে অভিশাপ লিখে দিয়েছিল তা থেকে মুক্তি দিয়েছেন নরেন্দ্র মোদি। তৃণমূলের সমালোচনা করে অশোক বলেন, তৃণমূল মতুয়াদের ভুল বুঝিয়ে সিএএতে আবেদন করতে বাধা দিয়েছে। এখন আর তৃণমূল সরকার নেই। আপনারা সিএএতে আবেদন করুন, নাগরিকত্ব পাবেন। 

Advertisement

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, উদ্বাস্তুদের জন্য সিএএ আইনের সরলীকরণ করেছেন মোদি। আমরা উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে নোবেল কমিটির কাছে দাবি রাখব, যদি সিএএ আইনের উপর নোবেল দেওয়ার জায়গা থাকে, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যেন দেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, সিএএ অথই জলে। মানুষ এখনও বিড়ম্বনায়। তাঁরা জানেন না নাগরিকত্ব আদৌ পাবেন কি না। সেই সময় দাঁড়িয়ে নোবেলের ভাবনা হাস্যকর ছাড়া কিছুই নয়। সীমান্ত প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী দাবি করেন, একজন অনুপ্রবেশকারীকেও আমরা দেশে থাকতে দেব না। সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টার করা হচ্ছে। অনুপ্রবেশকারীদের ধরে সেখানে রাখা হবে। বিএসএফ তাদের বিজিবির হাতে তুলে দেবে। 

সম্পর্কিত সংবাদ