Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর, হাওড়ায় শিল্পোন্নয়ন নিয়ে সেমিনারে প্রতিমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর, হাওড়ায়  শিল্পোন্নয়ন নিয়ে সেমিনারে প্রতিমন্ত্রী
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিয়ে পশ্চিমবঙ্গকে দেশের সেরা এবং ভবিষ্যতে বিশ্বের প্রথম সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই রাজ্য সরকার কাজ করছে। শুক্রবার হাওড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়ে এই বার্তা দেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

Advertisement

ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ এবং কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাইওয়ান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, নেপাল ও সার্বিয়ার একাধিক শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় শতাধিক শিল্পোদ্যোগীও সেমিনারে অংশ নেন। উৎপাদন বাড়ানো, আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সুযোগ তৈরি এবং ক্ষুদ্র শিল্পকে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্পের অগ্রগতি থমকে ছিল। একসময়ের শিল্পনগরী হাওড়াও সেই ধাক্কা খেয়েছে। তবে বর্তমান রাজ্য সরকার শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে নতুন বিনিয়োগ আনতে উদ্যোগী হয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যে একাধিক বড়ো সংস্থা রাজ্যে বিনিয়োগ করছে, যার ফলে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে নতুন শিল্পনীতি ঘোষণা করবে রাজ্য সরকার। সেখানে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা, ঋণ পাওয়ার সুযোগ উল্লেখ থাকবে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প কীভাবে ফের চালু করা যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ