নিম্নচাপ নিয়ে প্রবল চিন্তায় ফুলচাষিরাও
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নিম্নচাপের বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না ফুলচাষিদের। শীতের শুরুতেই ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে রাজ্যে নিম্নচাপের আশঙ্কায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ফুলচাষিদের মধ্যে। ইতিমধ্যে আগাম সতর্কতা হিসাবে চাষের জমিতে নিকাশি নালা কাটার কাজ শুরু করেছেন চাষিরা। তাঁদের আশঙ্কা, এই সময় বৃষ্টি হলে চাষের ক্ষতি হবে।

Advertisement

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। বুধবার দুপুরের দিকে এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা। যদিও রাজ্যে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও তার রেশ কিছুটা পড়তে পারে। যে কারণে মঙ্গলবার থেকে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের শুরুতে নিম্নচাপের প্রভাবে ফুল চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। হাওড়া জেলার বাগনানের বাকুড়দহ গ্রামে কয়েক হাজার মানুষ ফুলচাষের সঙ্গে যুক্ত। এবার বৃষ্টিতে ফুলচাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। এখন নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। তাদের বক্তব্য, এই বছর অতি বৃষ্টির কারণে প্রচুর ফুল নষ্ট হয়ে গিয়েছে। তার উপর আবার যদি বৃষ্টি হয়, তাহলে আমরা ফের ক্ষতির মুখে পড়ব।
ফুলচাষি পুলক ধারা বলেন, শীতের মরশুমে বৃষ্টি হলে গাঁদা সহ বিভিন্ন সিজন ফুলের ক্ষতি হবে। গাছের চারা নষ্ট হয়ে যাবে। এখন জমিতে সিজন ফুলের চারা লাগানো হচ্ছে। মাস দেড়েক বাদে ফুল পাওয়া যাবে। বৃষ্টি হলে গাছের গোড়ায় যাতে জল না জমে, তাই নিকাশি নালা কাটা হচ্ছে।