নিজস্ব প্রতিনিধি, মালদহ: বন্যার জেরে মালদহে এবার কলাই চাষের এলাকা কমল প্রায় ৩ হাজার হেক্টর। গতবার জেলায় ১৫ হাজার ৩২০ হেক্টর জমিতে কলাই চাষ হয়েছিল। সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৫৮ হেক্টর। এর মধ্যে মানিকচকের ভূতনিতে সবচেয়ে বেশি কলাই চাষের এলাকা কমেছে বলে কৃষি দপ্তর সূত্রে খবর। শীতের মরশুমে মালদহে কলাই উল্লেখযোগ্য একটি ফসল। বিশেষ করে ভূতনির কলাই দারুণ সুস্বাদু। কিন্তু বন্যার জেরে এবার ভূতনি চরে কলাই চাষ হয়নি বললেই চলে। মালদহের উপ কৃষি অধিকর্তা বিদ্যুৎ বর্মন বলেন, মূলত আগস্ট-সেপ্টেম্বর মাসে কলাই বোনা হয়।
সেসময় ভূতনিতে বন্যার জল ছিল। ফলে কৃষকরা কলাই বুনতে পারেননি। তবে বন্যার জল নেমে যাওয়ার পর কৃষকরা যাতে বিকল্প চাষ করতে পারেন, সেজন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্ষে, মুসুর ও গমের বীজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এনিয়ে রাজ্য কৃষি দপ্তরে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম। সর্ষে বীজ চলে এসেছে।
বেনিফিশিয়ারি চিহ্নিত করে মাথাপিছু চার কেজি করে সর্ষে বীজ দেওয়া হবে। এছাড়াও রতুয়া-১ নম্বর ব্লকে মুসুরের বীজও চলে এসেছে। বাকি জায়গার জন্য কয়েক দিনের মধ্যেই ওই বীজ এসে যাবে। মানিকচক ও কালিয়াচক-৩ ব্লকের জন্য গমের বীজও চাওয়া হয়েছে।
কৃষি দপ্তরের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উদ্যানপালন দপ্তরও কৃষকদের সবজি বীজ ও জি-৯ টিস্যু কালচার কলা চারা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। জেলা উদ্যানপালন আধিকারিক মলয়কুমার মাঝি বলেন, বন্যা কবলিত এলাকায় আমরা কৃষকদের শসা, কুমড়ো, ঝিঙে, ভেন্ডি ও লাউয়ের বীজ দেওয়ার উদ্যোগ নিয়েছি। সেইমতো রাজ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া গোটা জেলার জন্য তিন লক্ষ টিস্যু কালচার কলা চারা দেওয়ারও টার্গেট নেওয়া হয়েছে। এক্ষেত্রে বানভাসি এলাকায় বেশি করে কৃষকদের উন্নত জাতের ওই কলা চারা দেওয়া হবে।
কৃষি দপ্তর সূত্রে খবর, গত বছর মালদহ জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে মুসুর ও ৪৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে সর্ষে চাষ হয়েছিল।
এবার ওই দুই ফসলের ক্ষেত্রেই যাতে চাষের এলাকা বাড়ে, সেই লক্ষ্য নিয়ে এগনো হচ্ছে। এছাড়াও সুগন্ধি ধান চাষের এলাকা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। মূলত চাঁচলেই সুগন্ধি ধানের সবচেয়ে বেশি চাষ হয়। গতবার মালদহ জেলায় ১১০ হেক্টর জমিতে সুগন্ধি ধান চাষ হয়েছিল। এবার তা বেড়ে হয়েছে ১৩১ হেক্টর।
তবে গত কয়েক বছরে ভুট্টা চাষের এলাকা অনেকটাই বেড়ে যাওয়ায় অন্যান্য ফসলের এলাকা কিছুটা হলেও কমেছে। গতবার মালদহ জেলায় রবি মরশুমে ৩২ হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল বলে দাবি কৃষি দপ্তরের।



