Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাত্র ৬ লক্ষ টাকায় ফ্ল্যাট প্রদান, আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি শীঘ্রই, মানবিক পদক্ষেপ নবান্নের

আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে (ইডব্লুএস) একেবারে জলের দরে ‘১ বিএইচকে ফ্ল্যাট’ দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার।

মাত্র ৬ লক্ষ টাকায় ফ্ল্যাট প্রদান, আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি শীঘ্রই, মানবিক পদক্ষেপ নবান্নের
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে (ইডব্লুএস) একেবারে জলের দরে ‘১ বিএইচকে ফ্ল্যাট’ দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। ২৯৮ বর্গফুটের একটি ফ্ল্যাটের জন্য দাম নেওয়া হবে মাত্র ৬ লক্ষ টাকা। পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকার কম হলেই আবেদন করা যাবে। জুলাই মাসে নিউটাউনে নিম্ন আয়ের মানুষের জন্য ‘নিজন্ন’ এবং ‘সুজন্ন’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ইডব্লুএস’দের জন্য ‘নিজন্ন’ এবং লোয়ার ইনকাম গ্রুপ বা এলআইজি’র জন্য ‘সুজন্ন’। এগুলি তৈরি করেছে হিডকো। এই ফ্ল্যাটের দাম নিয়ে জোর কৌতূহল ছিল আম জনতার। নবান্ন সূত্রের খবর, এবার আবেদন করার নিয়মাবলি জানিয়ে বিজ্ঞপ্তি বেরোবে দিনকয়েকের মধ্যেই। 

Advertisement

সূত্রের খবর, ‘নিজন্ন’-তে রয়েছে মোট ৪৯০টি ফ্ল্যাট। এক্ষেত্রে আবেদনের সঙ্গে জমা দিতে হবে ৬০ হাজার টাকা। ‘সুজন্ন’ ফ্ল্যাটের দামও ঠিক হয়ে গিয়েছে। ২ বিএইচকে ফ্ল্যাটগুলি ৬১৭.৬৩ বর্গফুটের। নিউটাউনে এমন একটি ফ্ল্যাটের দাম পড়বে মাত্র ৩২ লক্ষ টাকা। এলআইজি গ্রুপে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে।
‘সুজন্ন’ ফ্ল্যাটের সংখ্যা ৭২০। অর্থাৎ, দুটি বহুতল মিলিয়ে মোট ১,২১০টি ফ্ল্যাট একেবারে ন্যূনতম দরে বেচবে রাজ্য। সাধারণ মানুষের মাথায় স্বপ্নের ছাদ সুনিশ্চিত করতেই রাজ্য কয়েক কোটি টাকা ভরতুকিও দিচ্ছে। হিডকোর ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। চূড়ান্ত বাছাই হবে লটারির মাধ্যমে। 
রাজ্যের গ্রামীণ এলাকার ১১ লক্ষ প্রান্তিক মানুষের মাথায় ছাদ গড়ে দেওয়ার অনুমোদন দিয়েও তার একটি টাকাও দেয়নি মোদি সরকার। কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির অনুদান দিয়েছে নবান্ন। জানুয়ারির গোড়ায় প্রথম কিস্তির জন্য ৬০ হাজার টাকা করে দেওয়া হবে আরও ১৬ লক্ষ পরিবারকে। এই প্রকল্পের পাশাপাশি, নিম্ন আয়ের মানুষের জন্য ভীষণ কম টাকায় ফ্ল্যাট সুনিশ্চিত করা হচ্ছে। এটি রাজ্যের আবাসন প্রকল্পের মুকুটে নতুন পালক সংযোজন বইকি। মত প্রশাসনিক মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ