নয়াদিল্লি: হড়পা বানে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপাল। আর নেপালে বন্যা হলে তার প্রভাব পড়ে ভারতেও। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই আগেভাগে বন্যা মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিল ভারত। নেপাল সীমান্তবর্তী রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিহার সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের এক বিবৃতি অনুযায়ী, প্রায় তিন মিটার উচ্চতার আকস্মিক বন্যার ঢেউ ধেয়ে আসতে পারে গণ্ডক নদীতে। এর ফলে নদী-সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। বুধবার জেলাশাসক এবং জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্য সচিব প্রত্যয় অমৃত। পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সরণ, মুজফ্ফরপুর, বৈশালীতে বন্যা নিয়ে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।



