Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

যোগীরাজ্যের পাঁচ হাজার ভোটারের নাম বিহারেও

উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করছে। তাঁরা গত লোকসভা নির্বাচনে যোগীরাজ্যে ভোটও দিয়েছেন। অথচ বিহারের নতুন খসড়া ভোটার তালিকাতেও তাঁদের নাম!

যোগীরাজ্যের পাঁচ হাজার ভোটারের নাম বিহারেও
  • ১২ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করছে। তাঁরা গত লোকসভা নির্বাচনে যোগীরাজ্যে ভোটও দিয়েছেন। অথচ বিহারের নতুন খসড়া ভোটার তালিকাতেও তাঁদের নাম! ইন্টেনসিভ রিভিশনের পর বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রের তালিকা পরীক্ষা করে ৫ হাজারের বেশি এমন ভোটারের নাম মিলেছে, যারা আগে থেকেই রয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার ভোটার তালিকায়। এর মধ্যে এক হাজারের বেশি ভোটারের নাম, নিকটাত্মীয়ের নাম ও বয়স দু’টি তালিকাতেই সম্পূর্ণ এক। তাদের শুধুমাত্র এপিক নম্বর ও ঠিকানা আলাদা। আর বাকি ভোটারদের নাম ও নিকটাত্মীয়ের নামের কয়েকটি অক্ষর ও বয়স সামান্য বদল করে বিহারের তালিকায় যুক্ত করা হয়েছে। 

Advertisement

স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের পর বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে বিতর্কের অন্ত নেই। এর আগে ‘০’ নম্বর ঠিকানায় বিহারের প্রায় ৩ লক্ষ ভোটারের নাম পাওয়া গিয়েছিল। সেই বিতর্ক সামলে ওঠার আগেই ফের নতুন বিতর্ক! নিয়ম অনুযায়ী, একই ব্যক্তির নামে আলাদা এপিক নম্বর থাকার কথা নয়। থাকলেও তা আইনবিরুদ্ধ। অথচ উত্তরপ্রদেশের ভোটারদের নাম হঠাত্ কীভাবে বিহারের তালিকায় চলে এল? এর কোনও স্পষ্ট উত্তর দিতে পারছে না খোদ কমিশন। প্রশ্ন উঠেছে, এসআইআরের নামে ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগই কি তাহলে সত্যি? প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবেই অন্য রাজ্যের ভোটারদের নাম বিহারের তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে? বিহারে মোট ২৪৩টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যদি একটিমাত্র কেন্দ্রেই পাঁচ হাজারের বেশি এমন ভোটারের সন্ধান পাওয়া যায়, তাহলে সারা রাজ্যে এই সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে? দু’টি তালিকায় নাম থাকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দিল্লি ও বিহারের কার্যালয়ে লিখিত প্রশ্ন করেও উত্তর মেলেনি। কমিশনের জনসংযোগ আধিকারিক অশোক গয়াল অবশ্য বলেছেন, ‘অসঙ্গতি যাই থাকুক না কেন, এই নিয়ে আপত্তি জানানোর সময় রয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ