নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোমরের ঠিক নীচে মোটা স্ট্র্যাপ জড়ানো। ওয়ার্ম-আপের পর তাতে বারবার স্প্রে দিলেন মনবীর সিং। দৌড়বার সময় জড়তা স্পষ্ট। এমনকী, শনিবার পুরো অনুশীলন না করেই ড্রেসিং-রুমে ফিরলেন মোহন বাগানের পাঞ্জাবি ফুটবলার। জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের সেমি-ফাইনালেও অনিশ্চিত মনবীর। জাতীয় দলের শিবিরে চোট পেয়ে ছিটকে যান তিনি। মনবীরের কন্ডিশন দেখে বিব্রত টিম-ম্যানেজমেন্ট। আসলে দেশের সেরা দুই উইং হাফ মনবীর ও লিস্টন। যে কোনও রক্ষণে ফাটল ধরাতে দক্ষ। জুটি ভাঙলে প্ল্যান বি’র উপর ভরসা করতে হবে হোসে মোলিনাকে। সামান্য ঝুঁকি নিতেও তিনি নারাজ। রবিবার আরও একদফা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে মনবীরকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও আপুইয়া অনেকটাই ফিট। মিজো মিডিও প্র্যাকটিসে বেশ চনমনে। জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগে ডিফেন্সিভ ব্লকারের পজিশনে দীপক টাংরিকে খেলানো হয়। বক্স টু বক্স মিডিও হিসাবে অপারেট করেন অনিরুদ্ধ থাপা। আপুইয়া ফিরলে কম্বিনেশনে বদল আসবে। আসলে জামশেদপুরের মাঝমাঠের ব্যালান্স জাভি হার্নান্ডেজের উপর নির্ভরশীল। স্প্যানিশ মিডিও ক্রমাগত সুইচ করে খেলাটা তৈরি করেন। মিডল করিডরে জাভিকে রুখতে আপুইয়াকে প্রয়োজন।



