Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে চরে ধাক্কা মেরে ডুবল মাছ ধরার লঞ্চ, রক্ষা মৎস্যজীবীদের

কাঁথির শৌলা মৎস্যবন্দর সংলগ্ন সমুদ্রে ফের চরায় ধাক্কা মেরে ডুবল ফিশিং লঞ্চ। তবে তাতে থাকা মৎস্যজীবীরা রক্ষা পেয়েছেন। এই ঘটনার পর শৌলা খাল সহ মোহনায় ড্রেজিংয়ের দাবি আরও জোরালো হচ্ছে।

কাঁথিতে চরে ধাক্কা মেরে ডুবল মাছ ধরার লঞ্চ, রক্ষা মৎস্যজীবীদের
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: কাঁথির শৌলা মৎস্যবন্দর সংলগ্ন সমুদ্রে ফের চরায় ধাক্কা মেরে ডুবল ফিশিং লঞ্চ। তবে তাতে থাকা মৎস্যজীবীরা রক্ষা পেয়েছেন। এই ঘটনার পর শৌলা খাল সহ মোহনায় ড্রেজিংয়ের দাবি আরও জোরালো হচ্ছে। বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়বৃষ্টি চলাকালীন শৌলা মৎস্যবন্দর থেকে তিন কিলোমিটার দূরে মোহনার কাছে চরায় ধাক্কা মেরে ডুবে যায় মাছ ধরে ফেরা একটি লঞ্চ। তাতে ছিলেন মাঝি সহ ১৪ মৎস্যজীবী। বিপদ দেখে মৎস্যজীবীরা জলে ঝাঁপ দেন। তাঁদের কেউ অন্যের ভুটভুটিতে ওঠেন, কেউ সাঁতরে পাড়ে চলে আসেন। তবে এই ঘটনায় ইলিশ, পমফ্রেট সহ প্রচুর মাছ জলে পড়ে নষ্ট হয়। গত ৬ আগস্ট লঞ্চটি মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল। উল্লেখ্য, দীর্ঘদিন ড্রেজিংয়ের অভাবে বন্দর থেকে সমুদ্রগামী খালটি মজে গিয়েছে। সমুদ্রের মোহনার কাছে চরা পড়ে গিয়েছে। খালের দু’ পাশে পলি জমতে জমতে একাধিক জায়গা সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। জোয়ার ছাড়া ট্রলার-লঞ্চ সমুদ্রে বেরতে পারছে না। কখনও খালে, কখনও মোহনার কাছে চরায় ধাক্কা খাচ্ছে। এর ফলে মাছ ধরার মরশুমে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ট্রলার-লঞ্চ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার-লঞ্চের মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শৌলা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সত্যেন্দ্রনাথ সামন্ত, সভাপতি অরুণ জানা বলেন, শৌলা মৎস্যবন্দর থেকে ট্রলার, লঞ্চ, ফিশিং বোট, নৌকা মিলিয়ে সাড়ে তিনশোরও বেশি জলযান সমুদ্রে পাড়ি দেয়। ২৫ থেকে ৩০ হাজার মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বন্দরের উপর নির্ভরশীল। ড্রেজিংয়ের দাবিতে আমরা এর আগে মৎস্যদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে জানিয়েছি। অনেকবার পরিদর্শন, সমীক্ষা হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। বারবার দুর্ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে আগামীদিনে শৌলা মৎস্যবন্দরের অস্তিত্বই সঙ্কটে পড়বে। জেলা সহ মৎস্য-অধিকর্তা (সামুদ্রিক) সুমনকুমার সাহা বলেন, সমস্যা সম্পর্কে আমরা অবগত। এর আগে একটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ