Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শঙ্করপুরে মৎস্যজীবীকে পিটিয়ে খুন, সহকর্মীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রামনগরের শঙ্করপুর মৎস্যবন্দরে সহকর্মীকে পিটিয়ে খুনের অপরাধে এক মৎস্যজীবীকে সাজা দিল কাঁথি মহকুমা আদালত।

শঙ্করপুরে মৎস্যজীবীকে পিটিয়ে খুন, সহকর্মীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: রামনগরের শঙ্করপুর মৎস্যবন্দরে সহকর্মীকে পিটিয়ে খুনের অপরাধে এক মৎস্যজীবীকে সাজা দিল কাঁথি মহকুমা আদালত। বৃহস্পতিবার এই মামলার সাজা ঘোষণা করেন আদালতের অ্যাডিশনাল সেশন জজ(সেকেন্ড কোর্ট) শুভদীপ চৌধুরী। সাজাপ্রাপ্তের নাম রতন শিকদার। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এলাকায়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ধারায় তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সঙ্গে ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী মনজুর রহমান খান বলেন, এই মামলায় মোট ১৩জন সাক্ষী দেন। বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। ঘটনার পর ছ’বছরের মাথায় সাজা ঘোষণা হল।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে ঘটনাটি ঘটে। শঙ্করপুরের মৎস্যবন্দরে ট্রলারে অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে কাজ করতেন মুর্শিদাবাদের লালগোলা থানার কৃষ্ণপুরের সাধন হালদার, বাপন হালদার ও ওই থানার রাধাবাগের বাসিন্দা রতন শিকদার। বাপন এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন। জানা গিয়েছে, ওই বছর ২৭নভেম্বর রাতে শঙ্করপুর মৎস্যবন্দরের জেটিতে তাস খেলার আসর বসেছিল। সেখানে তাস খেলছিলেন সাধন, রতন  ও বাপন। খেলার মাঝখানে সাধন ও বাপন মদ খেতে যান। কিছুসময় পর বন্দরের বরফকলের কাছে রাস্তায় পাওনা টাকাপয়সা দাবি করে বাটাম হাতে সাধনের উপর হামলা চালায় রতন। রতনকে আটকাতে না পেরে বাপন অন্যান্য ট্রলারকর্মীদের সাহায্য চাইতে জেটির দিকে ছোটেন। কিন্তু কেউ তাঁর কথায় কান দেয়নি। উল্টে তাঁকে মাতলামি বন্ধ করার কথা বলে সকলে এড়িয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই রাস্তায় সাধনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরদিন মৃতের ছেলে শুভ্রময় হালদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রতনকে গ্রেফতার করে। পরবর্তীকালে পুলিশ এই মামলার চার্জশিট জমা দেয়। বিচারপ্রক্রিয়া চলতে থাকে। গ্রেফতার হওয়ার পর থেকে জেল হেপাজতেই ছিল রতন। অবশেষে সাজা ঘোষণা হওয়ার পর খুশি সাধনের পরিবারের লোকজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ