


মুম্বই: মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে অগ্রগতি। শনিবার মহারাষ্ট্রের শিলফাটা ও ঘানসোলির মধ্যে ৪.৮৮ কিমির সুড়ঙ্গ নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন হল। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিনের ঘটনাকে ‘ঐতিহাসিক মাইলফলক’ আখ্যা দেন তিনি। একইসঙ্গে জানান, সুরাত-বিলিমোর সেকশনের প্রথম অংশ ২০২৭ সালের ডিসেম্বরে চালু হবে। তারপর ধাপে ধাপে চালু হবে থানে ও বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের হাইস্পিড করিডর। বৈষ্ণব জানান, বুলেট ট্রেন পরিষেবা পুরোদস্তুর চালু হলে মাত্র দু’ঘণ্টা সাত মিনিটেই মুম্বই থেকে আমেদাবাদে পৌঁছনো যাবে। রেলমন্ত্রীর কথায়, ‘সকালে ও ব্যস্ত সময়ে আধ ঘণ্টা অন্তর একটি ট্রেন ছাড়বে। পুরো নেটওয়ার্ক চালু হলে ১০ মিনিট পর পর ট্রেন থাকবে।’ মুম্বই-আমেদাবাদ হাইস্পিড করিডর দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কাজ শেষ হয়েছে। সব ঠিক থাকলে দু’বছরের মধ্যেই হাইস্পিড ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা।