Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের দেওয়া গুরুত্বপূর্ণ নৈশভোজে নজর কাড়লেন ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া

ট্রাম্পের দেওয়া গুরুত্বপূর্ণ নৈশভোজে নজর কাড়লেন ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

ওয়াশিংটন: বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কে নেই তারকাখচিত সেই নৈশভোজের অতিথি তালিকায়! অ্যাপলের সিইও টিম কুক, মেটার মার্ক জুকারবার্গ, গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা থেকে ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান। হাজির সকলেই। বিশ্বের নামজাদা সব ব্যক্তিত্বের সামনে কার্যত সভার আলো কেড়ে নিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আগামী প্রজন্মের সামনে যে প্রতিকূলতা আসতে চলেছে, তা মাথায় রেখে মার্কিনিদের তৈরি হওয়ার বার্তা দেন তিনি। 

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখতে দিয়ে মেলানিয়া জানান, আগামী দিনগুলিতে মূল চালিকাশক্তি হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর সেই কারণে আমেরিকার শিশু-কিশোরদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর হতে হবে বলে বার্তা দেন তিনি। বহুজাতিক সব তথ্যপ্রযুক্তি সংস্থা, মার্কিন সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও নীতি নির্ধারকদের উদ্দেশে ফার্স্ট লেডি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ আর কল্পবিজ্ঞানের দুনিয়ায় আটকে নেই। এই পর্বে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের সন্তানদের এআইয়ের বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে হবে।’
সর্বশেষ নির্বাচনে জিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর থেকেই মেলানিয়াকে ঘিরে তুমুল জল্পনা ছড়িয়েছিল। কারণ, অধিকাংশ অনুষ্ঠানেই ফার্স্ট লেডিকে দেখা যাচ্ছিল না। এমনকী, নির্বাচনী প্রচারের সময়েও মেলানিয়ার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল সংবাদমাধ্যমগুলি। যদিও এই পর্বে মার্কিন শিশুদের উন্নতি, অনলাইন নিরাপত্তার পর এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও বিশেষ নজর দিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। অস্বস্তিকর পরিস্থিতি থেকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করতেও মেলানিয়া যে অত্যন্ত তৎপর, তার প্রমাণও মিলেছে। হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। কিন্তু প্রশ্ন শুনতে ভুল করেন ৭৯ বছর বয়সি ডন। এর পরেই মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়ায়। কারণ তার আগেই প্রায় এক সপ্তাহ ডনকে প্রকাশ্যে দেখা যায়নি। তার আগে হাতেও লাল রঙের র‌্যাশ দেখা গিয়েছিল। তখনই পরিস্থিতি সামাল দিতে আসরে হাজির হন মেলানিয়া। যা দেখে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহলের প্রশ্ন—ডনের দ্বিতীয় ইনিংসে মূল চালিকাশক্তি কি ফার্স্ট লেডিই? জল্পনা বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ