Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

প্রথম নভশ্চর হনুমানজি! দাবি বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের

বিশ্বের প্রথম মহাকাশচারী কে? সকলেই এতদিন জানতেন, রাশিয়ার ইউরি গ্যাগারিন। কিন্তু তা মানতে নারাজ বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, প্রথম মহাকাশ সফর করেন হনুমানজি

প্রথম নভশ্চর হনুমানজি! দাবি বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বের প্রথম মহাকাশচারী কে? সকলেই এতদিন জানতেন, রাশিয়ার ইউরি গ্যাগারিন। কিন্তু তা মানতে নারাজ বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, প্রথম মহাকাশ সফর করেন হনুমানজি। কোনও দলীয় কর্মসূচি নয়, পড়ুয়াদের এই নয়া পাঠ শেখালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। 

Advertisement

উপলক্ষ্য ছিল জাতীয় মহাকাশ দিবস। তার জন্য উনার পিএম শ্রী স্কুলে গিয়েছিলেন তিনি। সেখানেই নিজের জ্ঞানের কথা জানিয়েছেন অনুরাগ। শুধু তাই নয়, পড়ুয়াদের সঙ্গে কথাবার্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন হামিরপুরের সাংসদ। ক্যাপশনে লিখেছেন, পবনপুত্র হনুমানজি প্রথম নভশ্চর। 
ওই আলাপচারিতায় অনুরাগ পড়ুয়াদের প্রশ্ন করেন, মহাকাশে প্রথম যাত্রা কে করেছিলেন? পড়ুয়াদের জবাব অবশ্য শোনা যায়নি। কিছুক্ষণ মুখে হাসি ঝুলিয়ে রাখার পর নিজেই উত্তর দিলেন। আর তা শুনে সবার চোখ কপালে উঠেছে। অনুরাগ বলেন, ‘আমার মনে হয় হনুমানজি’। পুরাণের উদাহরণ টেনে দেশের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের কথাও শোনান পড়ুয়াদের। বলেন, আমরা এখনকার হিসেবে আমাদের দেখছি। কিন্তু আমাদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য, জ্ঞান ও সংস্কৃতি থেকে যদি মুখ ফিরিয়ে থাকি, তাহলে ব্রিটিশদের শেখানো বুলিই আওড়াতে হবে। উল্লেখ্য, ১৯৬১ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার ইউরি গ্যগারিন বিশ্বের প্রথম নভশ্চর হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে নজির গড়েন। মহাকাশ যানে ১০৮ মিনিটের উড়ানে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন তিনি। কিন্তু অনুরাগ গ্যাগারিনের সেই কৃতিত্ব মানতে নারাজ!

Advertisement
সম্পর্কিত সংবাদ