নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, ময়নাগুড়ি: সোমবার সকালে জলপাইগুড়ি থেকে যাত্রী নিয়ে মালবাজারের উদ্দেশ্যে রওনা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। ময়নাগুড়ি রোড পেরতেই হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। ময়নাগুড়ি শহরের সুভাষনগর স্কুল মোড় সংলগ্ন রাস্তায় গাড়িতে আগুন ধরে যায়। এতে যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যাত্রীরা জীবন বাঁচাতে কেউ জানালা দিয়ে, কেউ দরজা খুলে নামতে শুরু করেন। আর এতেই আহত হন একাধিক যাত্রী। গাড়ির চালকও আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিস। জখম যাত্রীদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। দমকল কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করেন। বাসের অনেকটা অংশ পুড়ে যায়।
এনবিএসটিসি’র ময়নাগুড়ির ডিপোর ট্রাফিক কন্ট্রোলার সুবীর দাস বলেন, গাড়িতে কেন আগুন লাগল সেটা নিয়ে বিভাগীয় তদন্ত হবে। যন্ত্রিক কোনও ত্রুটি থাকতে পারে। ডিপো থেকে গাড়ি বের করার সময় সবকিছুই দেখে নেওয়া হয়। তারপরেও এমনটা কেন হল, খতিয়ে দেখা হবে।
ওই বাসের যাত্রী স্নেহাশিস দাস চৌধুরী, নির্মাল্য রায় বলেন, প্রথমে ধোঁয়া তারপর দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বেঁচেছি। অল্পবিস্তর চোট লেগেছে। অনেক যাত্রীই জখম হয়েছেন। সঠিক সময়ে সকলে বাসের ভিতর থেকে বের হতে না পারলে আগুনে দগ্ধ হয়ে মরতে হতো।
এনবিএসটিসি’র বাসে আগুন লাগার ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন সংস্থার আধিকারিকরা। ময়নাগুড়ির ঘটনার পর এদিনই কোচবিহারে পরিবহণ ভবনে নিজের চেম্বারে বৈঠকে বসেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। ছিলেন ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই, চিফ ইঞ্জিনিয়ার বিকাশ দাস। চেয়ারম্যান বলেন, আমাদের ইঞ্জিনিয়ারের সংখ্যা খুবই কম। ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে আউট সোর্সিংয়ের চিন্তাভাবনা চলছে। বহু মেকানিক ইনচার্জ অবসর নিয়েছেন। ফলে গাড়ি পরীক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। প্রতিটি ডিভিশনে দু’জন করে চারটি ডিভিশনে আটজন ইঞ্জিনিয়ার নিলে তাঁরা বাসগুলি পর্যবেক্ষণ করতে পারবেন। এতে এই ধরনের সমস্যা কমানো সম্ভব হবে।
নিগম সূত্রে জানা গিয়েছে, বাসগুলি দেখভাল করার জন্য ইঞ্জিনিয়ারের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। তিন-চারজন ইঞ্জিনিয়ার নিয়ে কাজ চালাতে হচ্ছে। এখন বাস ৭৪৫টি। এই বিপুল সংখ্যক বাসের সমস্ত কলকব্জা ঠিকঠাক আছে কি না তা দেখতে বিভিন্ন ডিপোর মেকানিকদের উপরেই নির্ভর করতে হচ্ছে। তাই নিগম এবার আউটসোর্সিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার নিয়োগের চিন্তাভাবনা শুরু করেছে।
নিজস্ব চিত্র।