


নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নাকাশিপাড়ার বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে আচমকাই হাসপাতালের ভ্যাকসিন স্টোর রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। রোগী ও তাঁর পরিজন, কর্মীরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে। নাকাশিপাড়া ব্লকের বিএমওএইচ রবি অধিকারী বলেন, বেলার দিকে হঠাৎ শুনতে পাই যে স্টেট জেনারেল হাসপাতালের যেখানে ভ্যাকসিন রাখা হয় সেখানে আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
নদীয়া জেলার ভারপ্রাপ্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিক রঞ্জিত দাস বলেন, জেলা থেকে প্রতিনিধি স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছেন। ক্ষয়ক্ষতি কত হয়েছে তার হিসাব করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে।
( বেথুয়াডহরি স্টেট জেনারে লের ভ্যাকসিন স্টোর রুমে আগুন।- নিজস্ব চিত্র)