নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেডারেশনের ১৮ মাসে বছর। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নিয়ে এমনটাই ধারণা ফুটবল মহলে। তবে ভাতঘুম দূরে সরিয়ে সুপার কাপ আয়োজনের ক্ষেত্রে এবার বেশ সক্রিয় ফেডারেশন। শুক্রবার ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হল, সুপার কাপ চ্যাম্পিয়ন দল এএফসি’তে অংশ নেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ এসিএল টু’র বাছাই পর্বে খেলার সুযোগ পাবে খেতাবজয়ী দল। পাশাপাশি সরাসরি এসিএল খেলবে শীর্ষ লিগ চ্যাম্পিয়নরা। আগামী কয়েকদিনের মধ্যেই সম্প্রচারের বিষয়টি চূড়াম্ত করতে চায় ফেডারেশন। টুর্নামেন্টের ভেন্যু ও ফরম্যাট নিয়েও আলোচনা চলছে। আয়োজনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গোয়া। খসড়া সূচিতে মোট ১৬ টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়াম ছাড়াও তিলক ময়দানে ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন। এদিনই গোয়া ফুটবল সংস্থার সভাপতি কাইতানো ফার্নান্ডেজকে যাবতীয় পরিকল্পনা ই-মেল করে জানিয়েছে ফেডারেশন। বিনা ভাড়ায় চারটি প্র্যাকটিস মাঠ দেওয়ার অনুরোধ রয়েছে। পাশাপাশি ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও একই অনুরোধ করেছে তারা।



