Bartaman Logo
৯ জুন, ২০২৬

পুত্রসন্তান হয়নি, ক্ষোভে মেয়েকে খুন করল বাবা

পুত্রসন্তান হচ্ছে না। সেই রোষেই নিজের সাত বছরের মেয়েকে খালে ফেলে খুন করল বাবা। গুজরাতের আমেদাবাদের এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

পুত্রসন্তান হয়নি, ক্ষোভে মেয়েকে খুন করল বাবা
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: পুত্রসন্তান হচ্ছে না। সেই রোষেই নিজের সাত বছরের মেয়েকে খালে ফেলে খুন করল বাবা। গুজরাতের আমেদাবাদের এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিস জানিয়েছে, গত ১০ জুলাই এই ঘটনা ঘটে। সম্প্রতি ওই শিশুর দেহ উদ্ধার করে পুলিস। তারপরই অভিযুক্ত বিজয় সোলাঙ্কি ও তাঁর স্ত্রী অঞ্জনাকে জেরা করে আসল ঘটনা সামনে আসে। 

Advertisement

অঞ্জনা পুলিসকে জানিয়েছেন, পুত্রসন্তান না হওয়ায় বিজয় তার উপর ক্ষুব্ধ ছিল। ১০ জুলাই মোটরসাইকেলে করে বিজয় তার স্ত্রী ও বড় মেয়ে ভূমিকাকে মন্দিরে নিয়ে যায়। ফেরার পথে নর্মদা ক্যানালের ভগবত ব্রিজে বিজয় দাঁড়িয়ে পড়ে। সেখানে ভূমিকাকে ব্রিজের ধারে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়। স্ত্রীকে বিষয়টি গোপন রাখতে বলে বিজয়।  এজন্য অঞ্জনাকে বিবাহবিচ্ছেদেরও হুমকি দিয়েছিল সে। পরে পুলিস নাবালিকার দেহ উদ্ধারের পর তদন্ত নামে। এরইসূত্রে আটক করা হয় ওই নাবালিকার মা অঞ্জনাকে। পুলিসের জেরায় প্রথমে তিনি দাবি করেন, ভূমিকা পা পিছলে ক্যানালে পড়ে গিয়েছে। যদিও পরে জেরায় ভেঙে পড়েন। বিজয় ও অঞ্জনার আরও এক কন্যাসন্তান রয়েছে। খেড়ার পুলিস সুপার রাজেশ গাধিয়া বলেন, প্রথমে ওই দম্পতি তাঁদের সঙ্গে সহযোগিতা করেননি। পরে অঞ্জনার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় যে, বিজয় পুত্রসন্তানের জন্য স্ত্রীকে চাপ দিতেন। তারপরই অঞ্জনাকে জেরা করে গোটা বিষয় সামনে আসে। বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ