নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মেগা সিটি’ প্রকল্প ঘোষিত হয়েছিল মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। ২০২৩ সালে ঘোষিত ওই প্রকল্পের নাম উজ্জয়িনী মাস্টার প্ল্যান ২০৩৫। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, রিয়েল এস্টেট, জমির চরিত্রবদল ইত্যাদি পরিকল্পনা অন্তর্ভুক্ত এই প্রকল্পের। স্বাভাবিকভাবেই যে কোনো শহরে যদি বৃহৎ পরিকাঠামো উন্নয়নের সরকারি পরিকল্পনা হয়, তৎক্ষণাৎ সেই এলাকায় সর্বাগ্রে বৃদ্ধি পায় জমির দাম। সেকথা মাথায় রেখে উজ্জয়িনীতে বিপুল জমি কিনে রেখেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মোহন যাদব স্বয়ং। নিজের গোটা পরিবার ও আত্মীয়র নামে কয়েকশ একর জমি কিনে তা বিভিন্ন সংস্থাকে বহুগুণ বেশি দামে বিক্রি করে তিনি বিপুল মুনাফা করেছেন বলেই অভিযোগ। মোহন যাদবের স্ত্রী সীমা যাদব, পুত্র, পুত্রবধূ, দুই ভাই, ভ্রাতৃবধূ, ভাইপো, দুই সম্পর্কিত ভাই—সকলের নামেই জমি কেনা হয়েছে। এই একই ফরমুলা দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। রামমন্দির রায় আসার আগে থেকেই সেখানে বিজেপি নেতাকর্মীরা অবাধে প্রচুর জমি কিনে ফেলে। এমনকি সকালে একটি জমি কিনে বিকেলে ২০ কোটি টাকা মুনাফায় বিক্রি করার অভিযোগও উঠেছিল সেখানে।



