Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিচারকের সই-স্ট্যাম্প জাল! ভুয়ো হলফনামা চক্র আলিপুর কোর্টে, ধৃত ১

আলিপুর কোর্টের বিচারকের সই ও স্ট্যাম্প জাল করে নকল হলফনামা তৈরির অভিযোগ উঠেছে। জালিয়াতদের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছেন ডাক্তারিতে ভর্তি হতে যাওয়া এক ছাত্র।

বিচারকের সই-স্ট্যাম্প জাল! ভুয়ো হলফনামা চক্র আলিপুর কোর্টে, ধৃত ১
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর কোর্টের বিচারকের সই ও স্ট্যাম্প জাল করে নকল হলফনামা তৈরির অভিযোগ উঠেছে। জালিয়াতদের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছেন ডাক্তারিতে ভর্তি হতে যাওয়া এক ছাত্র। হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে গৌতম রক্ষিত নামে এক অভিযুক্তকে বুধবার রাতে যাদবপুর থেকে গ্রেফতার করেছে সিআইডি। এর পিছনে একটা বড় চক্র রয়েছে বলে জানতে পারছেন তদন্তকারীরা। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

সিআইডি সূত্রে খবর, অভিযোগকারী ওই ছাত্র এবছর নিটে পাশ করেন রাজ্যের কোটায়। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজে ভরতি হতে যান। সেখানে তাঁকে বলা হয়, ভরতির সময় পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে। তা না হলে তিনি ভরতি হতে পারবেন না। ওই ছাত্র তদন্তকারীদের জানিয়েছেন, তিনি রাজ্য সরকারের বিভিন্ন গাইডলাইন  পড়ে জানতে পারেন, স্টেট কোটায় সুযোগ গেলে ভরতি সময় পুরো টাকা পেমেন্ট করতে হয় না। ধাপে ধাপে দিলেও চলবে। তিনি বিষয়টি ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানান। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই বিষয়ে একটি হলফনামা জমা দিতে হবে তাঁকে। ওই ছাত্র আলিপুর কোর্টে আসেন হলফনামা  করাতে। আদালত চত্বরে পরিচয় হওয়া গৌতম রক্ষিত নামে এক ব্যক্তির মাধ্যমে হলফনামা করান ছাত্রটি। 
প্রতারিত ছাত্র সিআইডিকে জানিয়েছেন, ওই হলফনামা জমা দেওয়ার পরও তাঁকে ভরতি নিতে চায়নি বেসরকারি মেডিকেল কলেজ। কর্তৃপক্ষ জানায়, হলফনামা নিয়ে সন্দেহ রয়েছে। এরপরই ছাত্রের বাবা হাইকোর্টের দ্বারস্থ হন। উচ্চ আদালত ওই হলফনামার কপি বিশ্লেষণ করলে জানা যায়, সেটি জাল। আদালত তদন্তভার দেয় সিআইডিকে।
চলতি বছরের নভেম্বরে সিআইডি তদন্তে নেমে আলিপুর আদালতে ওই কপি পাঠায় যাচাই করার জন্য। আদালত জানিয়ে দেয়, বিচারকের সই ও স্ট্যাম্প নকল করা হয়েছে। তদন্তে উঠে আসে, আদালত চত্বরে বসে একটি চক্র  টাকা নিয়ে জাল হলফনামা বানিয়ে দিচ্ছে। মোবাইলের সাবস্ক্রাইবার আইডি ঘেঁটে সিআইডি জানতে পারে, অভিযুক্ত গৌতমের বাড়ি যাদবপুরে। বুধবার রাতে সেখানে হানা দিয়ে তাকে ধরা হয়। তার কাছ থেকে বেশ কয়েকটি জাল হলফনামা ও স্ট্যাম্প পেপার উদ্ধার হয়েছে। ধৃত জানিয়েছে, জাল হলফনামা বানানোর একটি চক্রের সঙ্গে সে যুক্ত।  

Advertisement
সম্পর্কিত সংবাদ