Bartaman Logo
৯ জুন, ২০২৬

পুরভোটের আগে ফড়নবিশ-রাজ থ্যাকারে বৈঠক, জল্পনা

দীর্ঘ প্রায় দু’দশক পর কাছাকাছি এসেছেন দুই থ্যাকারে। যদিও খুড়তুতো দাদা উদ্ধবের সঙ্গে নতুন করে রাজনৈতিক সফর সুখের হয়নি এমএনএস প্রধান রাজের।

পুরভোটের আগে ফড়নবিশ-রাজ থ্যাকারে বৈঠক, জল্পনা
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: দীর্ঘ প্রায় দু’দশক পর কাছাকাছি এসেছেন দুই থ্যাকারে। যদিও খুড়তুতো দাদা উদ্ধবের সঙ্গে নতুন করে রাজনৈতিক সফর সুখের হয়নি এমএনএস প্রধান রাজের। সদ্য সমাপ্ত বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) কর্মী সমবায়ের নির্বাচনে দুই থ্যাকারেই দাঁত ফোটাতে ব্যর্থ হয়েছে। ফল প্রকাশের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, ‘থ্যাকারে ব্র্যান্ডের রাজনীতি’ পরিত্যক্ত হয়েছে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার সেই দেবেন্দ্রর সঙ্গেই বৈঠক করে নানা রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন এমএনএস প্রধান। ঘনিষ্ঠ সহযোগী বালা নন্দগাঁওকারকে সঙ্গে নিয়ে রাজ থ্যাকারে গিয়েছিলেন মালাবার হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবন ‘বর্ষা’য়। প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন দু’জনে। এরপর হাসিমুখে ছবিও তোলেন। তা তোলা দেখে বোঝার উপায় ছিল না যে, তাঁরা দুই যুযুধান রাজনৈতিক শিবিরের নেতা। সামনেই বিএমসির নির্বাচন। তার আগে ফড়নবিশের সঙ্গে রাজের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। রাজ-দেবেন্দ্রর বৈঠককে গুরুত্ব দিতে চাননি উদ্ধবপন্থী শিবসেনার নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘বিরোধী নেতা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন রাজ। আগেও নানা সমস্যা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।’ একই মত উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারেরও। এনসিপি নেতার দাবি, এটাই মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ