নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টা নাগাদ এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রের খবর, চোখের রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারই পাশাপাশি হাসপাতালের বিভিন্ন কাজকর্ম এবং প্রকল্পের বিষয়ে তিনি খবরাখবর নেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রাণ খুলে কথাও বলেন তিনি। তাঁদের সঙ্গে হাল্কা মেজাজে গল্পে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন চক্ষু বিভাগের ইউনিট ইনচার্জ ডাক্তার শাশ্বত ভট্টাচার্য এবং সহযোগী চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর চোখের চেকআপ করেন। প্রায় পৌনে দু’ঘণ্টা তিনি ওই হাসপাতালে ছিলেন।



